দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ অক্টোবর: দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না খড়্গপুর গ্রামীণ থানা (Kharagpur Local Police Station)’র! ফের নোভেল করোনা ভাইরাস হানা দিল থানায়। সংক্রমিত হলেন আরো দুই প্রথম সারির করোনা যোদ্ধা। জেলা স্বাস্থ্য দপ্তরের রবিবার (১১ অক্টোবর) রাতের রিপোর্ট অনুযায়ী, সংক্রমিত হয়েছেন এস.আই দেবাশিস পান্ডে (৪৫) ও এএসআই কাজল কান্তি সিনহা (৪৯)। গত ১০ অক্টোবর তাঁদের নমুনা নেওয়া হয়েছিল খড়্গপুর মহকুমা হাসপাতালে। গতকাল (১১ অক্টোবর) রাতে রিপোর্ট পজিটিভ আসে। মহকুমা পুলিশ আধিকারিক সুকোমল কান্তি দাস সমাজমাধ্যমে জানিয়েছেন, “লোকাল পুলিশ স্টেশনের আরো দু’জন করোনা যোদ্ধা, দেবাশিস পান্ডে ও কাজল কান্তি সিনহা সংক্রমিত হলেন। তাঁদের করোনা হাসপাতালে পাঠানো হয়েছে। করোনা যোদ্ধাদের নিয়ে সত্যিই আমরা চিন্তিত।”

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর লোকাল থানার ওসি আসিফ সানি (৩২) করোনা সংক্রমিত হয়েছিলেন। তিনি কলকাতা থেকে সুস্থ হয়ে ফিরতে না ফিরতেই, গত ৯ অক্টোবর সকালে মৃত্যু হয়, লোকাল থানার কনস্টেবল কিংকর কুমার মিদ্যা (৫৩)’র। শালবনী করোনা হাসপাতাল থেকে করোনা মুক্ত হওয়ার পর, তাঁকে স্টেপ ডাউন করে গত ৮ অক্টোবর মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল। ৯ অক্টোবর সকালে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। তবে, তাঁর নানা কো-মর্বিডিটি ছিল বলে জানা গেছে। আর, এই ঘটনার দু’দিন পরেই ফের লোকাল থানার দুই আধিকারিক করোনা সংক্রমিত হলেন।

এদিকে, সোমবার (১২ অক্টোবর) সকালে জেলা স্বাস্থ্য ভবন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রবিবার (১১ অক্টোবর) পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২৭ জন। এর মধ্যে, শুধুমাত্র খড়্গপুর শহর ও গ্রামীণ এলাকাতেই ৩৫ জন সংক্রমিত হয়েছেন। হিজলী কো-অপারেটিভ সোসাইটি সংলগ্ন এলাকা’তে একই পরিবারের ২ জন সহ মোট ৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও, তালবাগিচা, সোনামুখী ঝুলি, ইন্দা, ভবানীপুর প্রভৃতি এলাকাতে একাধিক ব্যক্তি করোনা সংক্রমিত হয়েছে। গ্রামীণ এলাকার, বসন্তপুর, মাদপুর প্রভৃতি এলাকাতেও বেশ কয়েকজনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যায়। পুজোর বাজার শুরু হতে না হতেই, ফের সংক্রমণ বেড়ে যাওয়াতে, চিন্তিত স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই।
***মেদিনীপুর শহর সহ জেলার সার্বিক করোনা পরিস্থিতি জেনে নিতে, নজর রাখুন দ্য বেঙ্গল পোস্ট (The Bengal Post) Facebook Page বা Whtsapp group এ। লিঙ্ক দেওয়া আছে একটু নীচেই….





