দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ২৪ আগস্ট : অরণ্য সুন্দরী ঝাড়গ্রামও করোনা সংক্রমণে ‘ডবল সেঞ্চুরি’ (২০২) করে ফেললো। তবে তা সরকারি হিসেবে (রাজ্যের করোনা বুলেটিন) এবং শুধুমাত্র আরটি-পিসিআর
টেস্ট অনুযায়ী। র্যাপিড অ্যান্টিজেন এবং বেসরকারি হিসেব করলে সংখ্যাটা যে তিনশোর গায়ে গায়ে হতে পারে, তা বলছেন ঝাড়গ্রাম শহরের এক সচেতন ব্যক্তি তথা বিশিষ্ট সমাজসেবী। গত চব্বিশ ঘণ্টায় ১৭ জন সহ, এখনো পর্যন্ত সুস্থ
হয়ে বাড়ি ফিরে গেছেন (সরকারি হিসেবে), ১৩৮ জন। চিকিৎসাধীন আছেন ৬২ জন। মৃত্যু হয়েছে ২ জনের (রাজ্যের করোনা বুলেটিন অনুযায়ী)।
গত চব্বিশ ঘণ্টায় যে ২৫ জন সংক্রমিত হয়েছেন, তাঁদের মধ্যে অনেকেই উপসর্গহীন বলে জানা গেছে। যাদের উপসর্গ আছে তাদের করোনা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানা যায়। বিভিন্ন সূত্র মারফত জানা যায়, ২৫ জন আক্রান্তের মধ্যে ঝাড়গ্রাম শহরের ৩ জন, গোপী ১ নং ব্লকের ২ জন এবং ২ নং ব্লকে ৭ জন, জামবনি ব্লকের ৬ জন, নয়াগ্ৰাম ব্লকের ২ জন, সাঁকরাইল ব্লকের ২ জন এবং শহর বাদ দিয়ে ঝাড়গ্রাম ব্লকের ৩ জন। তবে, প্রশাসনিক ভাবে জানানো হয়েছে, ঝাড়গ্রামে সংক্রমণ কিছু বাড়লেও, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।







