সংক্রমণের নতুন রেকর্ড মেদিনীপুরে! একই পরিবারের ১৪ জন সহ একদিনে আক্রান্ত ৪৮, মোট আক্রান্ত ৩০০ ছাড়াল

thebengalpost.in
মেদিনীপুর শহরে নতুন করে ২১ জন করোনা আক্রান্ত :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২২ আগস্ট :মেদিনীপুর শহরে ফের সংক্রমণের নতুন রেকর্ড! একদিনে করোনা আক্রান্ত ৪৮ জন। গত দু’দিনে আক্রান্ত হয়েছিলেন ৪৮ জন। এবার একদিনে ৪৮! শুক্রবার রাতে জেলা স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী, একদিকে যেমন পশ্চিম মেদিনীপুর জেলাতেও সংক্রমণের সব রেকর্ড ভেঙে গিয়ে, একদিনে আক্রান্ত হয়েছেন ২৯২ জন (আরটিপিসিআর ২৪৭ জন এবং র‌্যাপিড অ্যান্টিজেন ৪৫), ঠিক তেমনই মেদিনীপুর শহরেও সব রেকর্ড ভেঙে, একদিনে আক্রান্ত প্রায় পঞ্চাশ (শুধুমাত্র আরটিপিসিআরে ৪৮)! এর মধ্যে শহরের একটি পরিবারেই আক্রান্ত হয়েছেন ১৪৩ জন। মেদিনীপুর শহরের বক্সীবাজারে (স্কুলবাজারের কাছে)’র ওই পরিবারের একজন বয়স্ক সদস্য (৭৫) এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন গত ১৪ ই আগস্ট। তিনি স্বল্প উপসর্গ যুক্ত হওয়ায় হোম আইশোলেশনে ছিলেন, তবে গত ১৮ ই আগস্ট তাঁর শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে শালবনীতে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। এদিকে, সুবৃহৎ এই পরিবারের অন্যান্য সদস্যরাও নিজেদের করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। গত ১৯ শে আগস্ট তাঁরা শহরের উপকণ্ঠে অবস্থিত আয়ুশ হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসেন, ২১ শে আগস্ট (শুক্রবার) রাতে রিপোর্ট পজিটিভ আসে। পরিবারের বেশিরভাগ সদস্য উপসর্গহীন, তাই আপাতত তাঁরা হোম আইসোলেশনেই আছেন, স্বাস্থ্য দপ্তরের অনুমতিক্রমে। তবে, দু’এক জনের হালকা জ্বর ও গা-হাত-পা ব্যথার উপসর্গ আছে, তাঁদের হয়তো সেফ হোমে পাঠানো হতে পারে বলে জানা গেছে। সব মিলিয়ে ওই পরিবারের আক্রান্ত সংখ্যা দাঁড়াল ১৪।

[ আরও পড়ুন -   খড়্গপুর আর দাসপুরে থামছেই না করোনা! সবংয়ে বাবা ও মেয়ে সহ জেলায় ৩০ জন নতুন করে করোনা আক্রান্ত ]

অপরদিকে, শহরের স্কুলবাজারেরই কাছে, সঙ্গতবাজারের একটি পরিবারে নতুন করে দু’জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। একজন করোনা যোদ্ধা, তথা মেদিনীপুর মেডিক্যাল কলেজের নার্স (২৭) এবং অপরজন তাঁর মা (৪৮) বলে জানা গেছে বিশ্বস্ত সূত্রে। মেদিনীপুর মেডিক্যাল কলেজের আরো একজন চিকিৎসক তথা করোনা যোদ্ধা (৩২) এদিন সংক্রমিত হয়েছেন। এছাড়াও, জেলার আরো চার করোনা যোদ্ধা তথা পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। মেদিনীপুর শহরের পুলিশ লাইনে কর্মরত এই পুলিশ কর্মীদের স্থায়ী ঠিকানা অবশ্য অন্য জায়গার। এদিকে, শহরের সিপাইবাজার, কোতবাজার, আবাস, পাটনাবাজার সহ বিভিন্ন এলাকায় পুনরায় করোনা সংক্রমিতের সন্ধান মিলেছে। তবে, পারিবারিক ভাবেই বেশিরভাগজন সংক্রমিত হয়েছেন এবং অধিকাংশ জনই উপসর্গহীন। তাই, তাঁরা প্রশাসন বা স্বাস্থ্য দপ্তরের অনুমতিক্রমে হোম আইশোলেশন বা গৃহ নিভৃতবাসেই থাকবেন বলে জানা যায়। এদিকে, এদিনের ৪৮ জনের পর শুধুমাত্র মেদিনীপুর পৌরসভা এলাকাতেই মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ (আরটিপিসিআর ও অ্যান্টিজেন মিলিয়ে) ছাড়িয়ে গেল! জেলা স্বাস্থ্য ভবন সূত্রে এও জানা গেছে, বেশিরভাগ আক্রান্ত ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন বা সুস্থ হয়ে ওঠার পথে। আরো উল্লেখযোগ্য যে, আক্রান্তদের মধ্যে প্রায় ৮০-৯০ শতাংশ ব্যক্তিই উপসর্গহীন বা স্বল্প-উপসর্গযুক্ত।

thebengalpost.in
মেদিনীপুর পৌরসভা এলাকায় মোট আক্রান্ত ৩০০ ছাড়িয়ে গেল :

[ আরও পড়ুন -   বিশ্ব নবী দিবস উপলক্ষে খড়্গপুর শহরে বস্ত্র বিতরণে পুলিশ প্রশাসন, বাম শ্রমিক সংগঠনের রক্তদান শিবির ]