শহরে ১২ জন সংক্রমিত, দাসপুরে ফের করোনার দাপট, সবং-ডেবরা’য় পারিবারিক সংক্রমণ, জেলায় ‘ডবল সেঞ্চুরি’

thebengalpost.in
মেদিনীপুর আয়ুশ হাসপাতাল :

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৫ আগস্ট : জেলা স্বাস্থ্য ভবনের সোমবার রাতের রিপোর্ট অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরে গতকাল করোনা আক্রান্ত হয়েছেন ২০১ জন। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট অনুযায়ী ৪৬ জন এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর টেস্ট অনুযায়ী জেলায় সংক্রমিত হয়েছেন ১৫৫ জন। অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট অনুযায়ী গতকাল দুপুরে রিপোর্ট পজিটিভ এসেছিল জেলা পরিষদের সচিব এবং আরো এক কর্মীর। এদিকে, আরটি-পিসিআরের রিপোর্ট অনুযায়ী, কোতোয়ালি থানার এক পুলিশ আধিকারিক, মেদিনীপুর মেডিক্যাল কলেজের এক স্বাস্থ্যকর্মী এবং আয়ুশ হাসপাতালের দুই অস্থায়ী কর্মী (২০) সহ একাধিক করোনা যোদ্ধা সংক্রমিত হয়েছেন, তবে তাঁদের অধিকাংশজনই উপসর্গহীন বা অ্যাসিমটোমেটিক। শহরে সবমিলিয়ে (র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাদ দিয়ে) গতকাল আক্রান্ত হয়েছেন ১২ জন। এর মধ্যে এক আধিকারিক (৪৮) সহ কোতোয়ালি থানার ৬ পুলিশ কর্মী’র রিপোর্ট পজিটিভ এসেছে। অনুযায়ী সাধারণ মানুষের তুলনায় শহরে করোনা যুদ্ধের প্রথম সারির যোদ্ধারাই আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। অপরদিকে, শহরের ধর্মা সংলগ্ন এলাকায় এক যুবক (২৯) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।

thebengalpost.in
শহরে ফের সংক্রমিত ১২ :

[ আরও পড়ুন -   এবার করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ]

এদিকে, সবংয়ে একটি পরিবারের সকল সদস্যই একসাথে করোনা আক্রান্ত হয়েছেন। বাবা, মা, ছেলে, বৌমা ও নাতি সহ ৫ জন (বয়স যথাক্রমে ৫৮, ৫৪, ৩২, ৩২, ১৮) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তাঁরা লুটুনিয়া ১নং দেভোগ এলাকার বাসিন্দা। ডেবরায় (হাসিমপুর, ডেবরা৫/২ নং, ডেবরা) একই পরিবারের একসঙ্গে ১১ জন করোনা সংক্রমিত হয়েছেন গতকাল। এছাড়াও, ডেবরার আলিশাগড়ের এক ব্যক্তি (৪৬), বড়োগড় এর দুই তরুণী (২৯ ও ১৯), পিংলার সংগ্রামচক সংলগ্ন পিন্ডুরুই ৮নং এলাকার এক প্রৌঢ় (৫৮) ও বৈচা সংলগ্ন জালিমন্দা গ্রামে এক ৬২ বছরের প্রৌঢ় করোনায় আক্রান্ত হয়েছেন। রেলশহর খড়গপুরে ঝাপেটাপুর সংলগ্ন গোপালনগর এলাকায় ৩ জন (যুবক-২৭, যুবক-২৫, যুবক-২৯) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এছাড়াও রেলের এক শিক্ষানবীশের (হোস্টেলে থাকাকালীন) করোনা রিপোর্ট পজিটিভ আসে।

thebengalpost.in
খড়্গপুরে ফের ৫ জন সংক্রমিত :

অপরদিকে, রেলশহরে ফের এক চিকিৎসক (মহিলা চিকিৎসক, বয়স ৫৪) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। গত ২১ আগস্ট করোনায় আক্রান্ত হন রেলের প্রসূতি বিভাগের প্রধান। জানা যায় সেই সময় ওই মহিলা চিকিৎসকেরও লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সোমবার রাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। উল্লেখ্য কিছুদিন আগেই, প্রসূতি বিভাগের ওই চিকিৎসক আক্রান্ত হওয়ার পরে বন্ধ করে দেওয়া হয় ওই বিভাগটি। এই নিয়ে রেলের ৫ জন চিকিৎসক করোনা আক্রান্ত হলেন। খড়্গপুর শহরে এদিন দক্ষিণ পূর্ব রেলওয়ে সূত্রে মোট ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও দাঁতনে (১ নং ১৫, ২ নং ১১) মোট ২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। নারায়ণগড় ব্লকে মোট ৯ জন আক্রান্ত হয়েছেন (৫ জন তুঁতরাঙা, ৪ জন বেলদা)। গড়বেতায় সংক্রমিত হয়েছেন ৫ জন, চন্দ্রকোনা রোডে ২ জন এবং কেশপুরে ৭ জন। ঘাটাল মহকুমায় ফের করোনা’র দাপট শুরু হয়েছে। দাসপুর ১ নং ব্লকেই ৪৭ জন সংক্রমিত, ২ নং ব্লকে আরো ১৪ জন, ঘাটাল (গ্রামীণে) ১১ জন এবং চন্দ্রকোনা ১ নং ব্লকে ৬ জন সংক্রমিত হয়েছেন সোমবার।

[ আরও পড়ুন -   শালবনী করোনা হাসপাতালে ভর্তি করা হল করোনা আক্রান্ত বিডিও অভিষেক মিশ্র'কে, মেদিনীপুর মেডিক্যালের দুই রোগীকেও পাঠানো হয়েছে শালবনীতে ]