মেদিনীপুর শহর ও শহরতলীতে ৪ জন সংক্রমিত নতুন করে, প্রসূতির সংক্রমণ সূত্রে বন্ধ হল খড়্গপুর মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগ, শহরে আক্রান্ত আরো ৬

thebengalpost.in
আয়ুশ হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর ও খড়্গপুর, ১০ আগস্ট : খড়্গপুর মহকুমা হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিভাগে ভর্তি ছিলেন ৪২ জন রোগী। রবিবার দুপুরে সামান্য কিছু উপসর্গ দেখা দেওয়ায় এক প্রসূতির অ্যান্টিজেন টেস্ট করানো হয়, দেখা যায় তিনি সংক্রমিত। এরপরই ভর্তি থাকা কিছু প্রসূতিকে ছুটি দিয়ে দেওয়া হয় এবং বাকিদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে মহকুমা হাসপাতাল সূত্রে। হাসপাতালের ওই ওয়ার্ডটি জীবাণুমুক্ত করা হয় এবং আপাতত কয়েকদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঐ প্রসূতি’র সংস্পর্শে থাকা স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং শীঘ্রই তাদের করোনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

thebengalpost.in
খড়্গপুর সদর মহকুমা হাসপাতাল :

এদিকে, জেলা স্বাস্থ্য ভবনের রবিবার রাতের করোনা রিপোর্ট অনুযায়ী, খড়্গপুর শহরে নতুন করে আরো ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তরে কর্মরত ইন্দা খড়্গেশ্বর মন্দির লাগোয়া এলাকার এক যুবক সংক্রমিত হয়েছিলেন সম্প্রতি। রবিবার তাঁর বাবা (৬৯) ও স্ত্রী(৩৩)’র রিপোর্টও পজিটিভ এসেছে। অপরদিকে, ২৮ নং ওয়ার্ডের ঝাপেটাপুর এলাকার এক নার্সিংহোমের মালিকের স্ত্রী (৫১)’র করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল শনিবার রাতে। তাঁর নিজের রিপোর্ট অবশ্য নেগেটিভ এসেছিল। রবিবার ঐ দম্পতির দুই সন্তান সহ পরিবারের আরো এক জনের রিপোর্ট পজিটিভ এসেছে। খড়্গপুর শহরের ভবানীপুর এলাকার এক ৩৮ বছর বয়সী যুবকেরও করোনা রিপোর্ট এদিন রাতে পজিটিভ এসেছে।

[ আরও পড়ুন -   সাত বছরেও সংস্কার হয়নি চার কিলোমিটার রাস্তা, দুই জেলার মাঝে পড়েই বেহাল দশা ধেড়ুয়া-লালগড় রাস্তার, উদ্যোগ নেওয়ার বার্তা পূর্ত কর্মাধ্যক্ষের ]
thebengalpost.in
খড়্গপুরে ফের ৭ জন সংক্রমিত (ফাইল ছবি, খড়্গপুর) :

অন্যদিকে, মেদিনীপুর শহর ও শহরতলিতে ফের করোনা সংক্রমণ! জেলা স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী, রবিবার মেদিনীপুর সদর ব্লকের মেদিনীপুর ও শহর লাগোয়া হাতিহল্কা মিলিয়ে করোনা আক্রান্ত হলেন মোট ৪ জন। মেদিনীপুর পৌরসভার এক কর্মীর স্ত্রী‌ (২২)’র রিপোর্ট এদিন পজেটিভ এসেছে বলে জানা যায়। গত শনিবার ওই গৃহবধূর লালারসের নমুনা সংগ্রহ করে কোভিড পরীক্ষার জন্য পাঠানো হলে রবিবার রাতে পজিটিভ আসে। সূত্রের খবর অনুযায়ী, গত ৫ ই আগস্ট মেদিনীপুর পৌরসভার জন্ম-মৃত্যু শংসাপত্র প্রদান বিভাগের এক মহিলা কর্মীর (সাহেবপুকুর, ট্যাংরাপুকুর এলাকা) করোনা আক্রমণের খবর মেলে। সেই সূত্রে, ওই বিভাগে কর্মরত ভীমচক এলাকার পুরসভার অপর এক কর্মী সহ তাঁর স্ত্রী’র নমুনা সংগ্রহ হয়। রবিবার (৯ আগস্ট) স্ত্রী’র রিপোর্ট পজিটিভ আসে, কিন্তু সংস্পর্শে থাকা ওই কর্মীর রিপোর্ট নেগেটিভ এসেছে। সূত্রের খবর অনুযায়ী, করোনা আক্রান্ত ওই মহিলার কোন উপসর্গ নেই। এ প্রসঙ্গে উল্লেখ্য যে, ৫ ই আগস্ট করোনা আক্রান্ত পৌরসভার ওই মহিলা কর্মী সহ তাঁর পরিবারের আক্রান্তদেরও কোনো উপসর্গ ছিলনা। মেদিনীপুর মেডিক্যাল কলেজে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁদের পরিবারের ৫ জনের রিপোর্ট সেদিন পজেটিভ এসেছিল। বর্তমানে, তাঁরা ৫ জনই হোম আইসোলেশনে রয়েছেন। একইসাথে, রবিবার (৯ আগস্ট) রাতে পজিটিভ রিপোর্ট আসা ভীমচকের ওই গৃহবধূও হোম আইশোলেশনে আছেন। এদিন (রবিবার) শহরের দ্বিতীয় করোনা আক্রান্ত ব্যক্তি হলেন, মেদিনীপুর শহরের চিড়িমারসাইয়ের এক বাসিন্দা (৫১)। জানা যায়, ওই ব্যক্তি মহারাষ্ট্র থাকে সম্প্রতি ফিরেছিলেন। যেহেতু তিনি ট্রেনে করে মহারাষ্ট্র থেকে ফিরেছিলেন, তাই তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হলে রবিবার রাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। মেদিনীপুর শহরের আরো এক যুবকের (২৮) করোনা রিপোর্ট এদিন পজেটিভ এসেছে। চতুর্থ এবং সর্বশেষ করোনা সংক্রমিত ব্যক্তি কোতোয়ালী থানার অন্তর্গত (মেদিনীপুর সদর ব্লক) হাতিহলকার বাসিন্দা (৩৩)।

[ আরও পড়ুন -   বিধিনসভা ভোটের আগে সারদা মামলায় নতুন মোড়! চারজনকে নোটিশ ধরাল সিবিআই ]