ভয়াবহ হারে সংক্রমণ বৃদ্ধি, “সরকার ভগবান নয়” একসাথে লড়ার আর্জি মমতার, অফিসে কমল হাজিরা সংখ্যা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৬ জুলাই : আজ করোনা আক্রান্ত ১৬৯০ জন! একধাক্কায় ১০০ বাড়ল গতকালের (১৫৮৯) থেকে। এই পরিস্থিতিতে, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারিয়ে সাংবাদিক বৈঠকে আজ বললেন, “সরকার ভগবান নয়, সকলের সহযোগিতা জরুরি। এ বলছে আমাদের পাড়ায় করোনা সেন্টার নয়, সেফ হোম নয়, ও বলছে আমাদের পাড়ায় নয়! চিকিৎসা কোথায় হবে!” করোনা আক্রান্তের মৃতদেহ দাহ করার সমস্যাও তিনি তুলে ধরেন। মুখ্যমন্ত্রী এও বললেন, রাজ্যে করোনার বেড ৪০০০ টি বাড়ানো হচ্ছে। মানুষকে সচেতনতার বার্তা দিয়ে তিনি বলেন, কো-মর্বিডিটি থাকলে মৃত্যুর সম্ভাবনা বেশি, সকলে সাবধান হন, সরকার অনেক চেষ্টা করছে‌।

দ্য বেঙ্গল পোস্ট
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় :

সরকারি কর্মীদের জন্যও নতুন গাইড লাইন প্রকাশ করা হলো। এবার থেকে সরকারি অফিসে ৭০% এর বদলে ৫০% কর্মী আসবেন। ৩১ শে জুলাই অবধি এই নিয়ম জারি করল রাজ্য সরকার। এর পাশাপাশি, ব্যাঙ্কগুলিতে সপ্তাহে দু’দিন করে ছুটি দেওয়ার বিষয়ে রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে বলে বৃহস্পতিবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সব সরকারি দফতর প্রতি সপ্তাহে একদিন করে স্যানিটাইজার করা হবে। বর্তমান পরিস্থিতির কথা বিচার করে, ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন। সরকারি অফিসগুলির পাশাপাশি বেসরকারি অফিসগুলিকেও ওয়র্ক ফ্রম হোম পদ্ধতিতে কাজ চালানোর আবেদন করেন মুখ্যমন্ত্রী।

[ আরও পড়ুন -   "করোনা মুক্ত অমিত শাহ" ভুয়ো মেসেজ ছড়িয়ে বিপাকে বিজেপি সাংসদ ]