বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ১৭ আগস্ট : এক এক করে শিল্পীরা চলে যাচ্ছেন না ফেরার দেশে! এবার সেই তালিকায় যোগ হলো বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত জসরাজ এর নাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০
বছর। সূত্রের খবর আমেরিকায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জসরাজ মাত্র ১৪ বছর বয়স থেকেই তাঁর বাবার কাছে তালিম নেওয়া শুরু করেছিলেন। দিনে প্রায় ১৪ ঘন্টা ধরে টানা রেওয়াজ করতেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে, মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী একটি ছোট্ট গ্রহের নামকরণও তাঁর নামানুসারে করা হয়েছিল। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের পক্ষ থেকে (আইএইউ) ২০০৬ সালের নভেম্বর মাসে সেই ছোট্ট গ্রহ ২০০৬ ভিপি ৩২(নম্বর-৩০০১২৮) কে ‘পণ্ডিতজাসরাজ’ হিসাবে চিহ্নিত করা হয়েছে যা মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথের মধ্যে অবস্থান করছে। তিনি ৭৫ বছরেরও বেশি সময় ধরে শাস্ত্রীয় সংগীতে সুনাম অর্জন করেছেন। পদ্মশ্রী ,পদ্মভূষণ, পদ্মবিভূষণ সহ নানাবিধ পুরস্কারের মাধ্যমে সম্মানিতও হয়েছেন। তাঁর প্রয়াণে ভারতবর্ষের সঙ্গীত জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি হলো। জসরাজের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।







