পশ্চিম মেদিনীপুরে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা পাকা বাড়ি, স্থানীয়দের দাবি অবৈধ নির্মাণ! দেখে নিন সেই ভিডিও

নিজস্ব প্রতিবেদক, ঘাটাল, ১৩ জুন : সাত সকালেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা পাকা বাড়ি! ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর – ২ নং ব্লকের নিশ্চিন্তপুর (নিশ্চিন্দীপুর) গ্রামের। গোমড়াই খালের ধারে অবস্থিত ওই বাড়িটি অবৈধ জায়গা দখল করে গড়ে উঠেছিল বলে স্থানীয়দের দাবি। ঐ খাল সংস্কারের কাজ চলছিল কয়েকদিন ধরেই। গত কাল রাতভর বৃষ্টিও হয়েছে। দুইয়ে মিলে, আজ সকাল থেকেই বাড়িটি কাঁপতে শুরু করে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। ৮-৮.৩০ টা নাগাদ বাড়িটি তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সংস্কার হওয়া খালের ওপর। তবে, হতাহতের খবর নেই।

[ আরও পড়ুন -   করোনা'র পর ভারতীয় অর্থনীতির নতুন বিপদ! সতর্কবার্তা রাষ্ট্রসঙ্ঘেরও ]
দ্য বেঙ্গল পোস্ট
ভেঙে পড়ল চার তলা পাকা বাড়ি :

ওই বাড়িটি নিমাই সামন্ত নামে এক স্থানীয় বাসিন্দার। ওই বাড়িটিতে কেউ বসবাস করতেন না। গুদামঘর হিসাবে ভাড়া দিতেন নিমাইবাবু। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গোমড়াই খাল অবৈধভাবে দখল করে পঞ্চায়েতের অনুমতি ছাড়াই বাড়ি তৈরি করেছিলেন। বর্ষার কথা ভেবেই শুক্রবারই গোমড়াই খালের একাংশ সংস্কার করা হয়। তার উপর আবার রাতভর ভারি বৃষ্টিপাতও হয়। ফলে, জোড়া ধাক্কায় শনিবার সাত-সকালে ভেঙে পড়ে চার তলা বাড়িটি! চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। অনেকে চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন। প্রচুর লোক দূর থেকে এই ভয়ঙ্কর দৃশ্য প্রত্যক্ষ করেন এবং মোবাইলে ক্যামেরাবন্দী করেন। নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ মন্ডল জানিয়েছেন, “পঞ্চায়েতের অনুমতি ছাড়াই নিমাই সামন্ত গোমড়াই খাল দখল করে চার তলা বাড়ি নির্মাণ করেছিলেন। গোমড়াই খাল সংস্কারের জেরেই হয়তো এমন বিপত্তি!” এই ঘটনার পর থেকে এলাকায় আর বাড়ি মালিক নিমাই সামন্তের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। অবৈধ নির্মাণের বিষয়ে পুলিশি তদন্ত হতে পারে বলে জানা যায়।
<

[ আরও পড়ুন -   করোনা আক্রান্তের এলাকায় জমে আছে আবর্জনা, মেদিনীপুরে পৌর পরিষেবায় ক্ষোভ শহরবাসীর, মেডিক্যালে বিক্ষোভ রোগীদের ]