মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুলাই : পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ৫৫ জন। গতকাল ৬৭ জন করোনা আক্রান্ত হয়েছিলেন, আজ (মঙ্গলবার) সন্ধ্যায় জেলা স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে, খড়্গপুরের সালুয়ায় প্রশিক্ষণরত ইএফআর বাহিনী’র ৪০ জন জওয়ান নতুন করে করোনা আক্রান্ত হলেন। এর আগে মোট ৪৭ জন করোনা আক্রান্ত হয়েছিলেন এই বাহিনীর। আজকের পর শুধু এই জওয়ানদের মধ্যেই সংক্রমিত হলেন ৮৭ জন। অপরদিকে, দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর শাখার ৭ জন আরপিএফ বা রেল সুরক্ষা বাহিনীর জওয়ানও আজ নতুন করে করোনা আক্রান্ত হলেন। সুভাষপল্লীর এক মহিলার শরীরেও আজ করোনা ভাইরাসের জীবাণু মিলেছে। সবমিলিয়ে, খড়্গপুরে আজ ৪৮ জন আক্রান্ত। অন্য ৭ জন ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুর থানার বাসিন্দা। দাসপুর- ১ এর ৪ জন ও দাসপুর-২ এর ৩ জন নতুন করে করোনা আক্রান্ত হলেন।

এদিকে, জেলা স্বাস্থ্য ভবন থেকে বিশেষ সূত্রে জানা গেছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজের ভাইরাল ল্যাবরেটরি (ভিআরডিএল) থেকে এদিন যে রিপোর্ট এসেছে, তাতে ১২৪ জনের কোভিড ১৯ রিপোর্ট অমীমাংসিত (Inconclusive) এসেছে। আগামীকাল পুনরায় এগুলি কনফার্মেটরি টেস্ট করা হবে। সুতরাং, আগামীকালও হয়তো বিপুল সংখ্যক করোনা আক্রান্তের সন্ধান মিলতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। যদিও জেলায় নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ জন (১৩ জুলাই)। এই মুহূর্তে চিকিৎসাধীন (১৪ জুলাইয়ের করোনা আক্রান্ত ধরে) বা অ্যাক্টিভ করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০০ র কিছু বেশি। শালবনী করোনা হাসপাতাল ছাড়াও আয়ুশ এবং কয়েকটি সেফ হোমে রেখে করোনা আক্রান্তদের চিকিৎসা চলছে। জেলা স্বাস্থ্য ভবনের আধিকারিকরা জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে, মেদিনীপুর মেডিক্যাল কলেজের অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ থেকে শুরু করে স্বাস্থ্য ভবনের আধিকারিকরা বার বার বলছেন, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই; তবে অবিলম্বে কঠোর সতর্কতা বা সচেতনতা অবলম্বন জরুরী। নাহলে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে!







