বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ১৫ আগস্ট : দিল্লির লালকেল্লা থেকে সমগ্র দেশবাসীকে ৭৪ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সাথে দেশের সুরক্ষা এবং বিকাশ নিয়েও গুরুত্ব পূর্ণ পদক্ষেপ নেওয়ার ঘোষণা করলেন মোদী। মোদী আজ দেশবাসীর সীমান্ত সুরক্ষা নিয়েও কথা বলেন। তিনি জানান ১৭৩ টি জেলা আছে যা কোননা কোনো দেশের সীমান্তবর্তী এলাকা। সেই জন্য সীমান্তবর্তী এলাকার প্রায় ১ লাখ ছেলেমেয়েকে কর্মসংস্থান দেবে কেন্দ্র। তাদের এনসিসি হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে। যাদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ স্থান বরাদ্দ থাকবে মেয়েদের জন্য। এদের প্রশিক্ষণ দেবেন ভারতের সেনা, নৌসেনা, বায়ুসেনা। তিনি জানান এর মাধ্যমে দেশের যুবক যুবতীরা দেশের সকল প্রকার সামরিক বাহিনীতে যোগ দেওয়ার জন্য যথাযথ প্রশিক্ষণ পাবে। তার সাথে তিনি আত্মনির্ভর ভারত গড়ার ডাক দেন এবং জানান বিদেশের সব কিছু এমনকি যুদ্ধের যাবতীয় অস্ত্র, বিমান এমনকি ‘তেজস’ এর মত ক্ষেপণাস্ত্র ভারতে ভবিষ্যতে আরো তৈরি হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, “দ্রুত উন্নয়ন এবং পরিবেশের যত্নের মধ্য দিয়ে স্বাস্থ্যকর ভারসাম্য নিশ্চিত করার ক্ষেত্রে ভারত পথ দেখিয়েছে। আগামী দিনগুলিতে “লায়ন প্রকল্প” এবং “প্রজেক্ট ডলফিন”, দেশের সিংহ এবং ডলফিনগুলির জন্য আরও ভাল পরিবেশ তৈরি করবে।”







