বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৫ জুলাই : সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে এবার চিনের সঙ্গে পাল্লা দিতে ইজরায়েলের কাছ থেকে আরও স্পাইক অ্যান্টি ট্যাংক মিসাইল কিনতে চলেছে ভারত। ইতিমধ্যেই ইজরায়েলকে আরও ১২টি স্পাইক লঞ্চার এবং ২০০টির বেশি ক্ষেপণাস্ত্রের বরাত দেওয়ার প্রস্তাব গৃহীত হয়েছে। এর আগে গতবছর বালাকোটে হওয়া প্রত্যাঘাতের পর এই একই পরিমাণ ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার কিনে তা মজুত করা হয় পাক সীমান্তে। এবার চিনা সৈনিকদের ঠেকাতে তাই একই পরিকল্পনার পথে হাঁটতে চলেছে ভারতীয় সেনাবাহিনী।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বিষয়ে বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা। বিপুল অংকের এই টাকা দিয়েই প্রয়োজনীয় অস্ত্র এবং গোলাবারুদ কেনার পথে অনেকটাই এগিয়েছে সেনাবাহিনী। ইজরায়েলের পাশাপশি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও আসতে চলেছে অস্ত্রের সরঞ্জাম।

কিছুদিন আগেই প্রায় ১০ হাজার ৭৩০ কোটি টাকার প্রকল্পে ৩৩ টি যুদ্ধবিমান কেনার বরাত দেওয়া হয়, যার মধ্যে ১২ টি সুখোই বিমান তৈরি করতে চলেছে Hindustan Aeronautics Limited (HAL)। পাশাপাশি দেশেই তৈরি হবে প্রায় ৩০০ র মতো “ক্রুজ মিসাইল”, যার নাম দেওয়া হয়েছে “নির্ভয়”।







