আবার পশ্চিম মেদিনীপুর! ঘাটালের বিস্ময় বালক ‘জুম’ অ্যাপের বিকল্প “দৃষ্টি” অ্যাপ তৈরি করল

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১০ জুলাই : আবার সেই পশ্চিম মেদিনীপুর! সারা দেশ’কে গর্বিত করল। অ্যামেরিকান ভিডিও কনফারেন্সিং অ্যাপ “জুম” এর বিকল্প উপহার দিল সারা দেশকে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের রাধানগর এলাকার ১৬ বছরের কিশোর অর্ণব মোদক বিস্ময় সৃষ্টি করে, লকডাউন চলাকালীন মাত্র দেড় মাসের মধ্যে সৃষ্টি করলো তার স্বপ্নের “দৃষ্টি” ! হ্যাঁ, ঘাটালের জলসরা উচ্চ বিদ্যালয় থেকে এ বছরই মাধ্যমিক দেওয়া এই ছাত্র, যে ভিডিও কনফারেন্সিং অ্যাপটি তৈরি করল, তার নাম “দৃষ্টি”।

thebengalpost.in
‘দৃষ্টি’ প্লে স্টোরে পাওয়া যাচ্ছে :

[ আরও পড়ুন -   "সর্পবন্ধু" দেবরাজ চক্রবর্তী'র পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির মেদিনীপুরের দুই সংস্থার ]

শুক্রবার সকালে অর্ণব বলল, “বৃহস্পতিবার প্লে স্টোরে ছাড়পত্র মিলেছে। এটি জুম অ্যাপের বিকল্প হিসেবে তৈরি করেছি। তবে এটিতে অনেক বেশি সিকিউরিটি বা নিরাপত্তা বজায় থাকবে। স্ক্রীনশট বা স্ক্রিন রেকর্ডিং করা যাবে না। একসাথে ১০০ জন ভিডিও কনফারেন্সিং এ কথা বলতে পারবে। মূলত, ছাত্র-ছাত্রীদের জন্য এবং বাণিজ্যিক জগত (কর্পোরেট ওয়ার্ল্ড) এর জন্য এই অ্যাপটি তৈরি করেছি। আপনারা ইতিমধ্যে প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করতে পারবেন; Dristi লিখে সার্চ করতে পারেন। খুব তাড়াতাড়ি, আনুষ্ঠানিকভাবেও লঞ্চ করার ইচ্ছে রয়েছে। সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা আমার পাশে থাকার জন্য। সম্পূর্ণ ভারতীয় এই অ্যাপটি ব্যবহার করলে আমার প্রচেষ্টা সার্থক হবে।”

thebengalpost.in
অর্ণব মোদক :

উল্লেখ্য যে, অষ্টম শ্রেণি থেকেই অর্ণবের সফটওয়্যার এর জগতে পা রাখা, সম্পূর্ণ নিজের আন্তরিক ইচ্ছে ও ঐকান্তিক প্রচেষ্টায়। ইতিমধ্যে, সে প্রায় ১০-১২ টি ওয়েব পোর্টাল তৈরি করেছে ও দেখাশোনা করে। এর আগে, মেদিনীপুর শহরের দ্বাদশ শ্রেণীর ছাত্র প্রিয়াংশু সিং “টিক টক” এর বিকল্প “ইনোসেন্স” তৈরি করে দেশকে তাক লাগিয়ে দিয়েছে। সেটিও প্লে স্টোরে হয়তো কিছুদিনের মধ্যেই এসে যাবে।
জানিয়ে রাখা ভালো, অর্ণব আজ সন্ধ্যে ৭-৭.৩০ টার মধ্যে দ্য বেঙ্গল পোস্ট ফেসবুক পেজে লাইভে আসবেন।

[ আরও পড়ুন -   'প্রমীলা' রাই প্রথম! দুই কোভিড বিজয়িনীকে দিয়েই পশ্চিম মেদিনীপুরে শুরু হল "প্লজমা দান" প্রক্রিয়া ]