ঘটনাস্থল সেই পূর্ণাপানি! শবর গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ বিজেপি কর্মী

নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম, ২৩ আগস্ট : লোধা শবর সম্প্রদায়ের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল লালগড় থানার পূর্ণাপানিতে। লোধা শবর জনজাতি অধ্যুষিত যে পূর্ণাপানি বছর দু’য়েক আগে, খবরের শিরোনামে উঠে এসেছিল অনাহারে ৭ শবরের মৃত্যু’কে কেন্দ্র করে! সেই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করমশোল গ্রামের এক শবর গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল, দুই যুবকের বিরুদ্ধে। তাঁরা স্থানীয় বিজেপি কর্মী বলে জানা গেছে। পুলিশ তাঁদের গ্রেফতার করেছে এবং একাধিক ধারায় মামলা দায়ের করেছে গতকাল (রবিবার) তাঁদের ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা বিচারক আপাতত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

thebengalpost.in
ঝাড়গ্রাম আদালতে তোলা হল দুই বিজেপি কর্মীকে :

লালগড় থানার পূর্ণাপানি গ্রাম পঞ্চায়েতের করমশোল গ্রামে এই ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২১ আগস্ট) রাতে। ধৃতদের মধ্যে পতিত ভুঁইয়া পূর্ণাপানি বুথের বিজেপির সহ-সভাপতি ও রাজু ভুঁইয়া বিজেপির সক্রিয় কর্মী বলে এলাকায় পরিচিতি রয়েছে। অভিযোগ যে, শুক্রবার রাত নটা নাগাদ এই দু’জন ওই শবর মহিলার বাড়িতে ঢোকে। সেই সময় তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। কাজে বাইরে গিয়েছিলেন।সেই সুযোগে তাঁরা জোর করে ওই মহিলাকে বাড়ির পেছনের জঙ্গলে তুলে নিয়ে যায়। এরপর দু’জনে মিলে সেখানে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের পর ওই অবস্থাতেই তাঁকে জঙ্গলের মধ্যে ফেলে চলে যায় দু’জন। কোনরকমে বাড়ি পৌঁছে, স্বামীর কর্মস্থলে গিয়ে সবকিছু জানান সেই মহিলা। এরপর গ্রামের সবাইকে ডেকে তাঁর স্বামী সমস্ত ঘটনা জানালে, সেখান থেকেই পুলিশকে খবর দেওয়া হয়। রাতেই লালগড় থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত দু’জনকে তাঁদের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। শনিবার দু’জনকেই ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ৩৭৬ ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

thebengalpost.in
ধৃত সঞ্জয় সিং :

অপরদিকে, স্বামী-স্ত্রী’র বচসার জেরে নিজের স্ত্রী’কে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ধৃত স্বামীর নাম সঞ্জয় সিং। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, গোপীবল্লভপুর ২ ব্লকের বন্ডাই গ্রামে। শুক্রবার অভিযোগের ভিত্তিতে ধৃত সঞ্জয় সিং’কে গ্রেপ্তার করে বেলিয়াবেড়া থানার পুলিশ। শনিবার সঞ্জয় সিং’কে ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হলে বিচারক ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত গত ১৭ তারিখ সঞ্জয় সিং ও তার স্ত্রী’র মধ্যে পারিবারি অশান্তির জেরে, সঞ্জয় তাঁর স্ত্রী’কে বিষ খাইয়ে দেন। তড়িঘড়ি তাঁকে তপশিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, শারীরিক অবস্থার অবনতি দেখে তাঁকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল, শুক্রবার তাঁর মৃত্যু হয়! ওই দিনই সঞ্জয় এর শাশুড়ি বেলিয়াবেড়া থানায় গিয়ে তার নামে খুনের অভিযোগ দায়ের করে। তদন্তে নেমেই বেলিয়াবেড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। শনিবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।

[ আরও পড়ুন -   মেদিনীপুর শহরে ৬০ জনের রেকর্ড সংক্রমণ, দু'দিন বন্ধের পর মেডিক্যালে শুরু হল টেস্ট ]