খাদ্যরসিক বাঙালিদের কাছে সুখবর! মরশুমের প্রথম ইলিশ উঠলো দিঘায়

বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৬ জুলাই : “ইলিশ” মানেই বাঙালির কাছে এক অদ্ভুত ভালোবাসা! আর ঠিক বর্ষা এলেই সেই ভালবাসা যেন আরো বহুগুণে বর্ধিত হয় খাদ্যরসিক বাঙালিদের কাছে। প্রতি বছরের মতো এবছরও তাই নির্ধারিত সময়ে দিঘায় খোঁজ মিললো মরশুমের প্রথম ইলিশের। গত ১ লা জুলাই ইলিশের খোঁজেই মাঝ সমুদ্রে পাড়ি দেয় বেশ কয়েকটি ট্রলার। যেগুলির মধ্যে কয়েকটি দিঘা মোহনায় ফিরে এসেছে, এক্কেবারে রুপোলি ইলিশ বোঝাই করেই। প্রামাণ্য সাইজের এই ইলিশ ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে ৬০০-৮০০ টাকায়। তবে এখনো পর্যাপ্ত পরিমাণে বাজারে ইলিশ আসতে কয়েকদিন দেরি হবে বলেই মনে করা হচ্ছে। এদিকে, পদ্মার ইলিশ কিছু কিছু বাজারে এলেও, তা মধ্যবিত্তের নাগালের বাইরেই থেকে গেছে। ২০০০-২৫০০ টাকা প্রতি কেজিতে বিক্রি হয়েছে, বিভিন্ন বাজারে।

thebengalpost.in
দীঘায় উঠলো ইলিশ :

পাশপাশি, মৎস্যজীবীরা এও জানিয়েছেন যে, এইবছর সমুদ্রে ইলিশ ধরার অনুকূল আবহাওয়া তৈরি হওয়ার কারণেই পর্যাপ্ত পরিমানে পাওয়া যাবে এই মাছ। তাই, আর কিছুদিনের মধ্যেই “মাছের রাজা”কে পাতে পাওয়ার আশায় দিন গুনতে শুরু করেছে আপামর বাঙালি।

[ আরও পড়ুন -   মহতী রক্তদান শিবিরের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন মৌচাকের ]