মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৫ মে :
মেদিনীপুর সদর ব্লকের মুন্সিপাটনার যুবক তোতন সামন্ত (৩৩) দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন; চলছে ডায়ালিসিস। এই লকডাউনের মধ্যে ডায়ালিসিসের টাকা জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে। চরম বিপদের সময়ে পাশে এসে দাঁড়াল মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংস্থা ‘দিশারী ফাউন্ডেশন’। শুক্রবার সংস্থা’র তরফে, তোতনের হাতে চারটি ডায়ালিসিসের টাকা (চার হাজার) তুলে দেওয়া হল। সংস্থার এই মানবিকতায় মুগ্ধ তোতনের পরিবার! দিশারী’র অন্যতম প্রধান কান্ডারী সেখ ইসমাইল বললেন, “লকডাউনের মধ্যে ধারাবাহিকভাবে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। ত্রাণ বিতরণ, রক্তদান কিংবা বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে সামাজিক কর্তব্যটুকু পালন করছি শুধু! আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বলেই, আমাদের পক্ষে সম্ভব হচ্ছে।”
ধারাবাহিকভাবে দুঃস্থ ও অসহায় মানুষদের ত্রাণসামগ্রী বিতরণ করে চলেছে, ‘মেদিনীপুর রামকৃষ্ণ মিশন’। সপ্তম দফায়, মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল, শুক্রবার। পিংলা ব্লকের অন্তর্গত ধনেশ্বরপুর গ্রামের প্রায় ২০০ টি দরিদ্র পরিবারের হাতে তুলে দেওয়া হল, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এভাবেই মানবসেবায় নিজেদের সমর্পণ করে, এই মহামারীর মধ্যেও প্রতিষ্ঠানের নামের প্রতি সুবিচার করে চলেছে, মেদিনীপুরের গর্ব ও ঐতিহ্যের প্রতিষ্ঠান “মেদিনীপুর রামকৃষ্ণ মিশন”।







