কংসাবতী নদীর উপর বীরেন্দ্র শাসমল সেতু সংস্কারের কাজ শীঘ্রই শুরু হবে, জানালেন জেলার পূর্ত কর্মাধ্যক্ষ

মণিরাজ ঘোষ ও নবীন কুমার ঘোষ, মেদিনীপুর, ১৭ জুলাই : মেদিনীপুর ও খড়্গপুরকে সড়কপথে সংযুক্ত করেছে কংসাবতী নদীর উপর নির্মিত কংসাবতী সেতু (দেশপ্রাণ বীরেন্দ্র শাসমল সেতু)। সেতুটি তৈরি হয় ১৯৭২ সালে। সেতুর উপর দিয়ে গিয়েছে ৬০ নম্বর জাতীয় সড়ক। সেতুটি ৪৩৫ মিটার লম্বা, ৯ মিটার চওড়া। সেতু দিয়ে গড়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। সেতু জুড়ে বর্তমানে অসংখ্য ছোট-বড় গর্ত। এই সব গর্ত অনিয়মিত ভাবে মেরামত করা হয়। জল জমে ফের গর্ত তৈরি হয়। তবে, দীর্ঘদিন ধরে এই ব্যস্ততম সেতু ও তার উপর তৈরি হওয়া রাস্তাটি স্থায়ীভাবে সংস্থার না হওয়ায়, প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হয়, দু’চাকার বাইক থেকে শুরু করে বাস, ট্রাক ও চার চাকার গাড়িগুলিকে। সর্বোপরি, জরাজীর্ণ সেতুটি ভেঙে পড়ার ভয় তো রয়েছেই! বছর দুয়েক আগে, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর, জাতীয় সড়কের ইঞ্জিনিয়াররা একবার এই সেতু প্রদর্শন করেছেন। তবে, সেতু সংস্কারের কোনো কাজ হয়নি, রাস্তাটি গত বছর সারানো হয়েছিল। কিন্তু, পুনরায় রাস্তাজুড়ে অজস্র ছোট-বড় গর্ত, আর সেত এবং ফুটপাতে ফাটল তো আছেই! সেতুটি শুরু হওয়ার মুখে দু’দিকেই অর্থাৎ দুই প্রান্তেই রাস্তার উপর বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষার সময় তা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ফলে, রাত্রে কিংবা দিনে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।

[ আরও পড়ুন -   শালবনী করোনা হাসপাতালের চারজন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হলেন ]

বিভিন্ন সময়ে, বিভিন্ন পত্র-পত্রিকায় এই জরাজীর্ণ সেতু নিয়ে লেখালেখি হলেও, মাঝেমধ্যে শুধুই ‘তাপ্পি মারা’ ( কাজ চালানোর মতো) কাজ হয় বলে অভিযোগ নিত্যযাত্রীদের। কিছুদিন পর আবার যেইকে সেই! তাই, দুই শহরের নিত্যযাত্রী ও গাড়ির চালকেরা দীর্ঘদিন ধরেই দাবি তুলছেন অবিলম্বে এই সেতু ও রাস্তাটি সংস্কার করার বিষয়ে। এবার এই বিষয়ে সুখবর দিলেন, জেলা পরিষদের পূর্ত ও পরিবহন বিভাগের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ। শুক্রবার তিনি জানিয়েছেন, “এই সেতু সংস্কারের জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজ শুরু হবে। জাতীয় সড়ক ডিভিশন -২ এই কাজ করবে। জেলা পরিষদের তরফ থেকে সবরকম সহায়তা করা হবে। ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে বলেও জানিয়েছেন, ডিভিসন- ২ এর ইঞ্জিনিয়ার তরুণ চক্রবর্তী। সেতুটি সংস্কারের বিষয়ে আমরাও তদারকি করেছি দীর্ঘ সময় ধরে। গত বছর রাস্তাটি সংস্কার করা হয়েছিল। এবার, শুধু রাস্তা নয় সেতুটি এবং সেতুর ওপর দু’দিকের দুটি ফুটপাতও সংস্কার করা হবে। সেতুটি রং করাও হবে। একেবারে নতুন ভাবে সেজে উঠবে এই সেতু, কিছুদিনের মধ্যেই।”

thebengalpost.in
দেশপ্রাণ বীরেন্দ্র শাসমল সেতু বা কংসাবতী সেতুর বর্তমান অবস্থা (মেদিনীপুর) :