দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ১১ আগস্ট : করোনা ভ্যাকসিন নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। শেষ পর্যন্ত প্রথম সুখবর টা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তিনি ঘোষণা করলেন, বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে তাঁর দেশ।

প্রতিষেধকের অনুমোদন দিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক। এটি তৈরি করেছে, মস্কোর গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট। রাশিয়ার প্রেসিডেন্ট পূর্বেই জানিয়েছিলেন, ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে থাকা ভ্যাকসিনটি ১২ আগস্ট এর মধ্যে অনুমোদন পাবে। আজ, ১১ ই আগস্টই (মঙ্গলবার) স্বাস্থ্য মন্ত্রক থেকে গ্রীন সিগন্যাল পাওয়া গেছে। এবার, জনসাধারণের জন্য উৎপাদন শুরু হবে।
পুতিন জানিয়েছেন, তার মেয়ে প্রথম এই ভ্যাকসিনটি গ্রহণ করেছে, তারপর সামান্য জ্বরে আক্রান্ত হন, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। তিনি এও বলেন, এই ভ্যাকসিন ভাইরাসকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে। এখন এটাই দেখার অপেক্ষা বিশ্বের এই প্রথম করোনা ভ্যাকসিন মানুষের জন্য কতটা নিরাপদ ও কার্যকরী !







