নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট : অশরীরী আত্মা নাকি অজানা প্রাণীর আক্রমণ, বুঝে উঠতে পারছেনা গোটা গ্রাম! দিন হোক বা রাত, অজানা কোনও প্রাণী বা জন্তুর আক্রমণের শিকার গ্রামের আবালবৃদ্ধবনিতা! ভয়ে সিঁটিয়ে গ্রামের শিশু থেকে বড়োরাও। জলে নামলেই হাত ধরে টানছে, কোনো অজানা জন্তু বা প্রাণী!

দিন হোক বা রাত, গ্রামের পাশের শিলাবতী নদীর ঘাটে লম্বা লম্বা নখ যুক্ত একটি সাদা রংয়ের বড়ো হাতের মতো কিছু আক্রমণ করে, আঁচড় মেরে ঘায়েল করার চেষ্টা করছে শিশু থেকে বড়দের! কয়েকজন আঁচড়ের চোটে ঘায়েল হয়েছে বলেও দাবি গ্রামবাসীদের। চাঞ্চল্যকর এই ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-১ ব্লকের মনোহরপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের নির্ভয়পুর গ্রামের দাসপাড়ায় গত তিন ধরে ঘটে চলেছে, বলছেন আতঙ্কিত গ্রামবাসীরা! এই ঘটনাকে কেন্দ্র করে দিন যত পেরোচ্ছে গ্রামের কচিকাঁচা থেকে বয়স্ক সকলের মনের মধ্যে চেপে বসছে নানা কুসংস্কার! কুসংস্কারের ফলে গ্রাম ছাড়িয়ে পাশাপাশি গ্রামেও এ নিয়ে ছড়াচ্ছে নানা গুজব!

গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী, গ্রামে পানীয় জলের স্থায়ী কোনও বন্দবস্ত নেই, যার যেরে নদীর জলের উপরই ভরসা সকলের, তাতেই করতে হয় যাবতীয় কাজকর্ম।সম্প্রতি এমন ঘটনায় আতঙ্কে নদীতে যাওয়া বন্ধ করে দিয়েছে গ্রামের মানুষ। অগত্যা যেতে হলেও জোট বেঁধে নদী ঘাটে যেতে হচ্ছে স্নান, বাসনমাজা, কাপড়কাচা থেকে যাবতীয় কাজ সারতে। এই বিষয়ে মনোহরপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা বেজ জানিয়েছেন, তাঁরা প্রশাসনিকভাবে বিষয়টি দেখবেন, কি ব্যবস্থা করা যায়। অপরদিকে, ঘাটাল বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আশরাফুল মল্লিক জানিয়েছেন, “অশরীরী আত্মা হতে পারে না! নিশ্চয়ই কিছু কারণ আছে। আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করার চেষ্টা করব।”







