নিজস্ব প্রতিবেদক, ঘাটাল, ২৯ মে : ঘাটালেও কি খোঁজ মিললো উষ্ণপ্রস্রবণের? শুক্রবার সকাল থেকে ঠিক এই প্রশ্নই ঘোরাঘুরি করছে ঘাটালের শ্রীপুরের অধিবাসীদের মনে। আর এই প্রশ্ন উঠবে নাইবা কেন? সকাল সকাল ওই অঞ্চলে মাটি থেকে ফুটন্ত জল এবং বাষ্পের আকারে ধোঁয়া বেরিয়ে আসতে দেখে রীতিমতো চমকে যান স্থানীয় বাসিন্দারা।
এদিন সকালে শ্রীপুরের মোট দুটি জায়গায় দেখা যায় এই অদ্ভুত জিনিস। মাটি থেকে টগবগিয়ে ফুটন্ত জল বেরিয়ে আসতে দেখতে পেয়ে ভীড় জমান অনেক সাধারণ মানুষই। ঘটনার খবর জানতে পেরে পৌঁছে যান ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিকও।
ঘাটালে প্রথমবার ঘটা এমন ঘটনা নিয়ে বিশেষজ্ঞদের কাছে মতামত নেওয়া হবে বলে জানা দিয়েছে স্থানীয় প্রশাসন সূত্রে। পাশাপাশি, বাসিন্দাদের অযথা আতঙ্কের কোনো কারণ নেই বলেও জানা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে।







