রক্তদানেই প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাম শ্রমিক সংগঠন সিটু’র

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর, ৩০ মে  :  বিশ্বজোড়া মহামারী করোনার পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউনের সংকটকালে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো বামপন্থী গণ সংগঠনগুলি। শনিবার শ্রমিক সংগঠন  সিটুর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে মেদিনীপুর শহরের শ্যামসংঘ ভবনে সিটু, ডিওয়াইএফআই, এসএফআই, গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবির শুরুর আগে সিটুর পতাকা উত্তোলন করে শহীদ বেদীতে মাল্যদানও করা হয়। এই শিবিরে ১২ জন মহিলা সহ মোট ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সিটুর কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব দীপক সরকার, সিপিআইএমের জেলা সম্পাদক তরুণ রায়, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা,সিটুর জেলা সহ-সভাপতি কীর্তি দে বক্সী, সুকুমার আচার্য,সঞ্জয় সিনহা,কমল ঘোষ সহ বামপন্থী শ্রমিক, যুব, ছাত্র ও মহিলা আন্দোলনের নেতৃত্ব।

[ আরও পড়ুন -   কলেজ আর একাদশ-দ্বাদশ দিয়েই ফেব্রুয়ারিতে শুরু ক্লাস, প্রাথমিকে আপাতত নয়, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর ]

 

অন্যদিকে, এদিন সিটুর প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে খড়্গপুরের প্রেমবাজারে সিটু অনুমোদিত মোট ৫ টি ইউনিয়নের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন সংগঠনের জেলা নেতৃত্ব গোপাল প্রামানিক। পাশাপাশি উপস্থিত ছিলেন শ্রমিক নেতা অনিত মন্ডল , অসিত সরকার, সবুজ ঘোড়াই, হরেকৃষ্ণ দেবনাথ, অমিতাভ দাস , পূর্নেন্দু পানিগ্রাহী প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা বিজয় পাল, পৌরসভার কাউন্সিলর স্মৃতিকণা দেবনাথ। এই সংক্ষিপ্ত সভায় গণসংগীত পরিবেশন করেন “গণজাগরণ কন্ঠ”-এর শিল্পীবৃন্দ। শিবিরে ৪৫ জন রক্তদাতা রক্তদান করেন যাদের সিংহভাগই হলেন, শ্রমিক।

[ আরও পড়ুন -   করোনা আবহে সাফাই কর্মীদের কর্মবিরতিতে নতুন আতঙ্কে মেদিনীপুর'বাসী, সমস্যা মেটাতে উদ্যোগী প্রশাসন ]