মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুলাই : পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু জায়গা করোনা’র প্রকোপ থেকে অনেকটাই মুক্ত ছিল। এখন, সেই সমস্ত জায়গাতেও মারণ ভাইরাস থাবা বসাচ্ছে ধীরে ধীরে! মেদিনীপুর শহরের
কথাই যদি ধরা যায়, নিঃসন্দেহে করোনা মুক্ত (লকডাউনের প্রথম সাড়ে তিন মাস) ছিল এই পৌর এলাকা। এরপর, ধীরে ধীরে সুভাষ নগর, আশুতোষ নগর, বটতলার চক, সরকারি বাস ডিপো এবং তালিকায় সর্বশেষ সংযজন, শুক্রবার (১৭ জুলাই) হবিবপুরে
খোঁজ পাওয়া গেল এক করোনা আক্রান্তের। বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়ুশ হাসপাতালে ওই ব্যক্তি নমুনা দিয়েছিলেন, শুক্রবার রাতে রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও, মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত মালিয়াড়া এবং
আমড়াতলা গ্রামের দু’জন করোনা আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর। মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন দু’জনের রিপোর্টও এদিন পজেটিভ এসেছে বলে জানা গেছে।
খড়্গপুর শহরে এদিন নতুন করে তিন জায়গায় ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। খড়্গপুরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, যথাক্রমে ছোটো আয়মা, মালঞ্চ এবং ইন্দা’র এলাহাবাদ ব্যাংক সন্নিহিত এলাকার বাসিন্দা এই তিন
জন। এছাড়াও, খড়্গপুর গ্রামীণের পাপরআড়া গ্রামে ফের একজন করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে, বেলদা থানার অন্তর্গত জোড়াগেড়িয়া ফাঁড়ির এক এসআই করোনা আক্রান্ত হওয়ার পর, তিন অফিসার সহ মোট চল্লিশ জন পুলিশ কর্মীকে পাঠানো হয়েছিল
কোয়ারেন্টিনে। ফের ওই একই পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবলের রিপোর্ট শুক্রবার সন্ধ্যায় পজেটিভ এসেছে। গত ১৫ জুলাই ওই দুই কনস্টেবলের নমুনা সংগ্রহ করা হয়েছিল, দাঁতন- ২ নং ব্লকের খন্ডরুই হাসপাতালে। একদিন পর শুক্রবার সন্ধ্যা
নাগাদ রিপোর্ট পজিটিভ আসে। অপরদিকে, নারায়ণগড় ব্লকের মান্না ও বস্তুপুরা এলাকার তিনজনের রিপোর্টও এদিন পজেটিভ এসেছে। স্থানীয় সূত্রে খবর, মান্না এলাকার এক ১৫ বছরের কিশোরী সংক্রমিত হয়েছে। জানা যায়, গত ১৪ জুলাই গুজরাট
থেকে ওই কিশোরী, তার মা ও বোন ফিরেছিল। স্থানীয় অর্জুনি স্কুল তারা কোয়ারেন্টিনে ছিল। ১৫ তারিখ বেলদা গ্রামীণ হাসপাতালে তাদের নমুনা সংগৃহীত হয়েছিল, ১৭ জুলাই শুক্রবার রিপোর্ট পজিটিভ আসে।
অপরদিকে, ডেবরা’র বালিচকে (ডুঁয়া, ১০/২), নতুন করে একজন প্রৌঢ় (৫০) করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। চন্দ্রকোনা ১ ও ২ মিলিয়ে ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন শুক্রবার। করোনা যোদ্ধা তথা চন্দ্রোকোনা-
১ এর বিডিও অভিষেক মিশ্র স্বয়ং করোনা আক্রান্ত হয়েছেন। দাসপুর ১ ও ২ ব্লকে একাধিক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে, জেলা স্বাস্থ্য ভবন সূত্রে। সবমিলিয়ে শুক্রবার ৪২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলেও জানা
গেছে।
- Corona Update
- Health
- Paschim Medinipur
- Society
- South Bengal
- এক ঝলকে
- করোনা আপডেট
- দক্ষিণবঙ্গ
- পশ্চিম মেদিনীপুর
- সমাজ
- স্বাস্থ্য







