নিজেদের দাবি নিয়ে পথে নামলেন মেদিনীপুরের সংস্কৃতিকর্মীরা, স্মারকলিপি জেলাশাসক ও তথ্য সংস্কৃতি আধিকারিক’কে

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ১২ আগস্ট : কোভিড ১৯ এর প্রভাবে বিশ্বজোড়া মহামারী পরিস্থিতি ও দীর্ঘ লকডাউনের প্রভাবে রুটি রুজি নিয়ে সমস্যায় পড়েছেন সারা রাজ্যের অধিকাংশ সংস্কৃতি কর্মী। বিভিন্ন পেশার শিল্পী থেকে শুরু করে নেপথ্য শিল্পী সবাই প্রায় ভুক্তভোগী। সমগ্র রাজ্যের বিভিন্ন অংশের সংস্কৃতি কর্মীরা, ইতিমধ্যেই তাঁদের দাবি নিয়ে সোচ্চার হয়েছেন। আর এই আন্দোলনের সূত্র ধরেই, তাঁদের সাথে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ থেকে শুরু করে ভারতীয় গণনাট্য সংঘ এবং ভারতীয় গণসংস্কৃতি সংঘের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে, মেদিনীপুরেও পথে নামলেন সংস্কৃতিকর্মীরা।

দ্য বেঙ্গল পোস্ট
সংস্কৃতিকর্মীর পথে মিছিল :

[ আরও পড়ুন -   ভয়াবহ বন্যা পরিস্থিতি ঘাটাল এবং দাসপুরে, পরিদর্শনে জেলাশাসক ]

সংস্কৃতিকর্মীদের ন্যূনতম মাসিক পাঁচ হাজার টাকা ভাতাসহ তাঁদের স্বাস্থ্যবিমা, লোকশিল্পীদের মতো অন্যান্য সংস্কৃতিকর্মীদের পরিচয় পত্র প্রদান, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রেক্ষাগৃহ অবাণিজ্যিক ক্ষেত্রে ভাড়া দশহাজার টাকা থেকে কমিয়ে পাঁচ হাজার টাকার দাবি সহ আরও অন্যান্য বেশ কয়েক দফা দাবিতে মেদিনীপুর শহরের সংস্কৃতি কর্মীরা বুধবার দুপুরে শহরের রাজাবাজারের কলেজ মোড়ে রবীন্দ্র মূর্তির পাদদেশে সমবেত হন। সেখান থেকেই বিভিন্ন দাবি, সনদ যুক্ত পোস্টার-ব্যানার সহযোগে মিছিল করে, পশ্চিম মেদিনীপুররের জেলাশাসকের দপ্তরে যান। সেখানে জেলাশাসক ডঃ রশ্মি কমলের দপ্তরে সংস্কৃতিকর্মীদের একটি প্রতিনিধিদল স্মারকলিপিও পেশ করেন। পরে জেলা পরিষদ ক্যাম্পাসে, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদারের দপ্তরেও স্মারকলিপি প্রদান করা হয়। শ্রীমতি মজুমদার সংস্কৃতিকর্মীদের বক্তব্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে সংস্কৃতিকর্মীদের আশ্বস্ত করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিজয় পাল, প্রণব চক্রবর্তী, বিপ্লব ভট্টাচার্য্য, জয়ন্ত চক্রবর্তী, পার্থ মুখোপাধ্যায়, সুনীল বেরা, অচিন্ত্য মারিক, বিশ্বেশ্বর সরকার, বিমল গুড়িয়া, প্রদীপ কুমার বসু, বিশ্ব বন্দ্যোপাধ্যায়, পার্থ বাগচি, সুতনুকা মিত্র মাইতি, নরোত্তম দে, রাজনারায়ণ দত্ত, বুবুন সরকার, সুদীপ মাইতি, ইন্দ্রানী দাশগুপ্ত, মোম চক্রবর্তী, প্রদীপ সাহা,স্বপন চক্রবর্ত্তী সহ প্রায় দেড় শতাধিক সংস্কৃতিকর্মী।

[ আরও পড়ুন -   করোনা যোদ্ধা ও জয়ী'দের হৃদয়বন্ধনে বেঁধে নেওয়া হল ব্যতিক্রমী এই রাখি বন্ধনের দিনে ]