মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ১৪ আগস্ট : পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সরকারি প্রতিনিধি হিসেবে শুক্রবার দায়িত্ব নিলেন কৃষ্ণেন্দু বিষই। গড়বেতা দক্ষিণ চক্রের এই শিক্ষক, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সাধারণ সম্পাদক পদেও আছেন। একইসাথে তিনি, গড়বেতা ৩ নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষও। দক্ষ সংগঠক ও প্রশাসনিক ব্যক্তিত্ব হিসেবে অচিরেই শাসক দল এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন হয়ে উঠেছিলেন জেলার এই জনপ্রিয় শিক্ষক নেতা। আর তাই, নতুন এই দায়িত্ব দিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর উপর পুনরায় আস্থা রাখলেন বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য যে, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের স্থায়ী চেয়ারম্যান পদটি এখনো খালি পড়ে আছে। পূর্বতন চেয়ারম্যান নারায়ণ সাঁতরা’কে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার পর, মাস ছয়েকেরও বেশি সময় ধরে এই পদটি সামলাচ্ছেন জেলার বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক শিক্ষা) তরুণ সরকারই। ডিআই হিসেবে দায়িত্ব সামলানোর সাথে সাথে, চেয়ারম্যান ইন চার্জ হিসেবেও কর্তব্য পালন করছেন তিনি। সেক্ষেত্রে, কৃষ্ণেন্দু বাবু’কে শিক্ষা দপ্তরের নিজস্ব প্রতিনিধি করে পাঠিয়ে, শিক্ষামন্ত্রী সংসদের কার্য পরিচালনার বিষয়টিতে শিক্ষা দপ্তরের সঙ্গে সরাসরি সমন্বয় সাধনের সেতুবন্ধ গড়ে দিলেন বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য যে, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বা ডিপিএসসি’র চেয়ারম্যান’টি পদটি সিলেক্টেড (মনোনীত), ইলেক্টেড (নির্বাচিত) নয়। অন্যান্য জেলার ক্ষেত্রেও শিক্ষা দপ্তরের মনোনীত ব্যক্তিত্বরা চেয়ারম্যান পদে আছেন। এক্ষেত্রে, পশ্চিম মেদিনীপুর জেলাতেও আদপে সরকার মনোনীত প্রতিনিধি হিসেবে কৃষ্ণেন্দু বাবু’ও প্রায় একইভাবে কার্য পরিচালনা করবেন বা চেয়ারম্যান ইন চার্জ’কে সহায়তা করবেন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। কৃষ্ণেন্দু বাবু এই বিষয়ে জানালেন, “তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির একজন সংগঠক হিসেবে এবং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ হিসেবে চেষ্টা করেছি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে। একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও সারা বছর ধরে, এমনকি এই অতিমারী’র সময়েও মানুষের সেবা করে গেছি। এবার রাজ্য সরকার তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আমাকে যে নতুন দায়িত্ব দিয়েছেন, সেটিও আন্তরিকভাবে পালন করার চেষ্টা করে যাবো।” জেলা তথা রাজ্যের বর্ষীয়ান শিক্ষক নেতা (বর্তমানে,তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির চেয়ারম্যান) এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র সহ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ কৃষ্ণেন্দু বাবু’কে নতুন এই দায়িত্বের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আর জেলার ডিআই (প্রাথমিক শিক্ষা) তথা চেয়ারম্যান ইন চার্জ তরুণ সরকারও কৃষ্ণেন্দু বিষই’কে স্বাগত জানিয়ে বলেছেন, “দুটি দায়িত্ব একসাথে পালন করার ক্ষেত্রে একটু চাপ তো ছিলোই! এবার থেকে ডিপিএসসি’র কাজে কৃষ্ণেন্দু বাবু’র সহায়তা পাবো, তাই কিছুটা হলেও আমার চাপ কমবে।”









