খড়্গপুর আর দাসপুরে থামছেই না করোনা! সবংয়ে বাবা ও মেয়ে সহ জেলায় ৩০ জন নতুন করে করোনা আক্রান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুলাই : খড়্গপুর মহকুমা এবং ঘাটাল মহকুমাতে করোনা’র প্রাদুর্ভাব ক্রমেই প্রকট হয়ে উঠছে! বিশেষত, খড়্গপুর শহর এবং দাসপুর – ১ নং এ করোনা’র দাপট অব্যাহত আছে। খড়্গপুর শহর ও শহরতলী মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা একশো পেরিয়ে দেড়শো ছুঁই ছুঁই এবং ঘাটাল মহকুমার শুধুমাত্র দাসপুরেই (১ ও ২) করোনা আক্রান্তের সংখ্যা ডবল সেঞ্চুরি পেরিয়ে গেছে। এই পরিস্থিতিতে সংক্রমণ বাড়ছে বই কমার লক্ষন নেই! সোমবার রাতের রিপোর্ট অনুযায়ী, আরপিএফের এক আধিকারিক সহ খড়্গপুরের ৯ জন রেলকর্মী নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও দু’জন সাধারণ মানুষও আক্রান্ত হয়েছেন। এই ১১ জন যথাক্রমে ইন্দা, গোলবাজার থেকে শুরু করে সাউথ সাইড, ওল্ড সেটেলমেন্ট ও নিউ সেটেলমেন্টে এলাকায় থাকতেন।

[ আরও পড়ুন -   মেদিনীপুর শহরে ৬০ জনের রেকর্ড সংক্রমণ, দু'দিন বন্ধের পর মেডিক্যালে শুরু হল টেস্ট ]
thebengalpost.in
খড়্গপুরে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা :

এদিকে, দাসপুরেও আজ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭ জন। দাসপুর – ১ এ ৫ জন এবং দাসপুর-২ এ ২ জন আক্রান্তের কথা জানা যায় জেলা স্বাস্থ্য ভবন সূত্রে। ঘাটালে ২ জন করোনা আক্রান্ত হয়েছেন (১ জন মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসাধীন ছিলেন)। সবং এর তেমাথানী (১ নং দেভোগ গ্রাম পঞ্চায়েত)’তে একটি পরিবারের বাবা (৫৮) ও মেয়ে (২১) করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও, আরো ১জন মিলিয়ে মোট ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। বেলদা থানায় (মান্যা, গাঙ্গুটিয়া) নতুন করে এক যুবক (২২) করোনা আক্রান্ত হয়েছেন। চন্দ্রকোনা টাউনে ১ জন এবং চন্দ্রকোনা রোডে (সাতবাঁকুড়া) ৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও, মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসাধীন থাকা গোয়ালতোড়ের এক যুবকের করোনা রিপোর্টও এদিন (সোমবার) পজিটিভ এসেছে। সবমিলিয়ে, জেলায় ৩০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে জেলা স্বাস্থ্য ভবনের (সোমবার সন্ধ্যার) রিপোর্ট থেকে।

[ আরও পড়ুন -   দূরত্ব বজায় রেখে 'আন্তর্জাতিক যোগ দিবস' পালিত হল পূর্ব থেকে পশ্চিম, শহর থেকে জঙ্গলমহলে ]