এবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের এক চিকিৎসক করোনা আক্রান্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানালেন কলেজের অধ্যক্ষ

মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ১২ জুলাই : মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের এক পিজিটি পাঠরত চিকিৎসক এর করোনা রিপোর্ট আজ (রবিবার) সন্ধ্যায় পজেটিভ এসেছে। ওই চিকিৎসক (৩৫) হাওড়ার আন্দুলের বাসিন্দা। দিনকয়েক আগেই ওই চিকিৎসক নিজের বাড়ি গিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে ডিউটি সেরে ফেরার পরই সামান্য গলা ব্যথা অনুভব করেছিলেন। তারপর অবশ্য তিনি আর ডিউটিতে যাননি বলে জানিয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু। শুক্রবার ওই চিকিৎসকের নমুনা সংগৃহীত হয়, শনিবার রিপোর্ট ইনকনক্লুসিভ (অমীমাংসিত/সন্দেহজনক) এসেছিল এবং কনফার্মেটরি টেস্টের পর আজ সন্ধ্যায় রিপোর্ট পজেটিভ আসে।

thebengalpost.in
মেদিনীপুর মেডিক্যাল কলেজ :

এই বিষয়ে, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ কুন্ডু জানালেন, ” পিজিটি (সার্জারি) বিভাগের এই চিকিৎসক হাওড়া থেকে ফিরে সবেমাত্র একদিন ডিউটি করেছিলেন, তারপরই সামান্য গলা ব্যথা’র উপসর্গ অনুভব করেছিলেন। সেই মুহূর্ত থেকেই অবশ্য তিনি সাবধান হয়ে গিয়েছিলেন। পরদিনই আমরা সোয়াব টেস্টের ব্যবস্থা করেছি। শুক্র ও শনিবার উনি কারুর সংস্পর্শেও আসেননি! শনিবার রিপোর্ট ইনক্লুসিভ এসেছিল এবং আজ রিপোর্ট পজিটিভ আসে। যেহেতু, একদিনের জন্য হলেও কাজে যোগ দিয়েছিলেন, তাই ওই বিভাগের যে সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সংস্পর্শে এসেছিলেন, তাদের চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ওই চিকিৎসক বয়েজ হোস্টেলের যে রুমে ছিলেন, তাঁর রুম মেট সহ সংস্পর্শে থাকাদের বিষয়েও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে, আশার কথা হল, ইতিমধ্যে ওই চিকিৎসক অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবং জ্বর বা অন্য কোনো উপসর্গ নেই। তাই তিনি হাওড়াতে নিজের বাড়িতেই হোম আইশোলেশনে থাকতে চেয়ে অনুমতি চেয়েছিলেন আমাদের কাছে। আমরা পরিস্থিতি বিবেচনা করে অনুমতি দিয়েছি। বিশেষ অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাওড়া পাঠানোও হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, চিন্তার কোনো কারণ নেই। “

[ আরও পড়ুন -   শিক্ষক নিয়োগ BREAKING: ফেব্রুয়ারির মধ্যেই উচ্চ প্রাথমিকে ১৬,৫০০ শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে, প্রাথমিকের পরীক্ষা খুব শীঘ্রই ]