সোমবার (১৮ মে) রাতের ঘোষণা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলার কনটেইনমেন্ট জোন বেড়ে হল চারটি। রবিবার পর্যন্ত ছিল, তিনটি কনটেইনমেন্ট জোন, যথাক্রমে, ক্ষীরপাইয়ের ৭ নং ওয়ার্ডের আনন্দপুর, মেদিনীপুরের নির্ণয় হাসপাতাল সংলগ্ন এলাকা এবং চন্দ্রকোনা টাউনের ১২ নং ওয়ার্ড। ২৫ মে পর্যন্ত এগুলি কনটেইনমেন্ট জোন হিসেবে গণ্য হবে। গত, ১৬ মে, দাঁতন-২ নং ব্লকের বামনাসাই (পূর্বপাড়া) গ্রামের এক ট্যাক্সি (কলকাতার ট্যাক্সি চালক) চালকের (৪৬) করোনা রিপোর্ট পজিটিভ আসার পর, আজ ওই তালিকায় জেলার চতুর্থ কনটেইনমেন্ট হিসেবে অন্তর্ভুক্ত হল, এই এলাকাটিও। যদিও ইতিমধ্যেই ওই এলাকা প্রশাসনের তরফে সিল করা হয়েছে এবং স্যানিটাইজ করা হয়েছে।
অপরদিকে, জেলায় মোট ২৫ টি করোনা টেস্টিং কিয়স্ক (Kiosk) বসানো হচ্ছে, স্বাস্থ্যকর্মী’দের সুরক্ষা এবং পর্যাপ্ত পরিমাণে টেস্টের সুবিধা বাড়ানোর জন্য। ইতিমধ্যে, বাংলা-ওড়িশা সীমান্তের সোনাকনিয়াতে পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এই কিয়স্ক বসানো হয়েছে। এছাড়াও, রেলস্টেশন, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রভৃতি জায়গায় বসানো হচ্ছে এবং বিভিন্ন নমুনা সংগ্রহ সেন্টারেও পাঠানো হচ্ছে বলে জানা গেল, জেলা প্রশাসন এবং স্বাস্থ্য ভবন সূত্রে।
এদিকে, দাঁতনের সোনাকনিয়াতে আজ ওড়িশা সহ ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য গড়ে ওঠা অস্থায়ী স্বাস্থ্য পরীক্ষা শিবির পরিদর্শনে যান, জেলাশাসক ডঃ রশ্মি কমল সহ জেলার উচ্চ পদস্থ আধিকারিকবৃন্দ। জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, অতিরিক্ত জেলাশাসক সৌর মন্ডল ও উত্তম অধিকারী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরিশ চন্দ্র বেরা প্রমুখরা আজ পরিদর্শন করেন এই শিবির। স্বাস্থ্য কর্মী ও শ্রমিকদের সঙ্গে কথাও বলেন, জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরাও। পরিস্থিতি বিশদে খতিয়ে দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
অপরদিকে, রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে! ১৪৮ জন আক্রান্ত হয়েছেন রাজ্যে এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, তিন জেলাতেই আজ নতুন আক্রান্তের খবর নেই, রাজ্যের বুলেটিন এবং জেলা স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী।







