দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ২৪ মে: পূর্ব মেদিনীপুরে শুরু হয়েছিল রাত থেকেই। এবার, পশ্চিম মেদিনীপুর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। অন্যদিকে, দীঘাতে সমুদ্র উত্তাল! ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি চলছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে আসা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই মুহূর্তে দীঘা থেকে ৬২০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়। বুধবার দুপুরেই প্রবল শক্তি নিয়ে দীঘা উপকূলের কাছাকাছি কোথাও একটা (পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝামাঝি) আছড়ে পড়বে “যশ” (Yass)। ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। এমনটাই জানিয়েছে মৌসম ভবন।


Whatsapp Group এ

এদিকে, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, দুই ২৪ পরগণা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আকাশ ঘন কালো মেঘে ঢেকে আছে। পশ্চিম মেদিনীপুরের কংসাবতী সহ বিভিন্ন নদী তীরবর্তী এলাকাগুলোতে চলছে মাইকিং। মাটির বাড়িগুলি থেকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। রাজ্য প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক চলছে জেলা প্রশাসনের। জেলা প্রশাসন গুলি প্রতিমুহূর্তে যোগাযোগ রেখে চলেছে ব্লক প্রশাসনের সাথে।










