দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৪ মে: “যশ” (বা, ইয়াশ/Yass) বড় বালাই! করোনা’র দ্বিতীয় ঢেউ রুখতে যে কঠোর বিধিনিষেধ বা মৌখিক লকডাউন পালিত হচ্ছে গত ১৬ ই মে থেকে, সেই বিধিনিষেধ শিথিল করা হল কয়েকটি ক্ষেত্রে। জীবন-হানি ও সম্পত্তি-হানি রুখতে সুপার সাইক্লোন যশ বা ইয়াশকেও ব্যাপক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে রাজ্য সরকারের তরফে। আমফান থেকে শিক্ষা নিয়ে, যশের মোকাবিলায় ভয়ঙ্করভাবে তৎপর রাজ্য সরকার। তাই, করোনার কঠোর বিধিনিষেধে কয়েকটি ক্ষেত্র থেকে প্রত্যাহার করা হল! রবিবার (২৩ শে মে) জারি করা নবান্নের নির্দেশিকা অনুযায়ী- চাষের কাজ (Agriculture), উদ্যান পালনের কাজ (Horticulture) এবং ফুলের কাজে (Floriculture) ছাড় দেওয়া হচ্ছে। কৃষি সংক্রান্ত যন্ত্রাংশ, সার নিয়ে যাতায়াতের জন্য পরিবহণ ও মজুত করার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। একইসঙ্গে, কৃষি সংক্রান্ত বীজ, কীটনাশক ও অন্যান্য দ্রব্যাদি বিক্রি বা ব্যবসার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি, গ্রামীণ উন্নয়নমূলক কাজ (Rural Development), বন্যা ও বর্ষা মোকাবিলায় যাবতীয় কাজেও কোনও বাধা থাকবে না এই পর্বে। যদিও প্রতিটি ক্ষেত্রেই মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের উপর জোর দিয়েছে রাজ্য। ইতিমধ্যেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত জেলায়।


Whatsapp Group এ

প্রসঙ্গত, গত ১৫ ই মে করোনা-বিধিনিষেধ (লকডাউন) সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল নবান্নের তরফে, ২৩ শে মে জারি করা বিজ্ঞপ্তি’কে তারই সংশোধনী হিসেবে উল্লেখ করা হয়েছে। সুপার সাইক্লোন যশ বা ইয়াশ-এর মোকাবিলার ক্ষেত্রে এবং কৃষি ও কৃষকের জীবন-জীবিকার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, প্রতিটি ক্ষেত্রে কোভিড বিধি মেনে চলার কথাও বলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, মৌসম ভবন জানিয়ে দিয়েছে- আজ, সোমবার সন্ধ্যা থেকেই পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। মঙ্গলবার (২৫ মে) হাওয়ার গতিবেগ বাড়বে এবং ২৬ শে মে, বুধবার তা ঘন্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগ সম্পন্ন সুপার সাইক্লোন রূপে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে আছড়ে পড়বে! ঝড়ের গতিবেগ সন্ধ্যার পর ১৫০-১৬০ কিলোমিটারও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে, ২৫ শে মে থেকেই দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর সেজন্যই, কৃষি ক্ষেত্র ও বন্যা প্রতিরোধ সহ বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এসব ক্ষেত্র থেকে করোনা বিধিনিষেধ বা লকডাউন বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে, শুধুমাত্র কোভিড বিধি মেনে চললেই হবে!









