দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ২১ মে: অতিমারীর মাঝেই এবার ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি রাজ্যে। ঠিক এক বছর আগে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় “আমফান” এর স্মৃতি এখনও টাটকা রয়েছে রাজ্যবাসীর মনে। সেই রেশ কাটতে না কাটতেই এবার ফের ঘূর্ণিঝড়ের আগমন ঘটতে চলেছে বঙ্গে। ঘূর্ণিঝড় “যশ” এর মোকাবিলায় ইতিমধ্যেই প্রচার শুরু হয়েছে দিঘা, মন্দারমণির সমুদ্র উপকূলে। এমনকি, সমুদ্রে যেতে দেওয়া হচ্ছেনা কোনো ট্রলারকেও। যে মৎস্যজীবীরা ইতিমধ্যেই সমুদ্রে চলে গিয়েছেন, কন্ট্রোল রুমের মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে কোস্ট গার্ড। পাশাপাশি, প্রচার চালানো হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ও মৈপীঠ নদী বাঁধ এলাকাতেও।


Whatsapp Group এ

ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সাইক্লোন সেন্টারগুলি স্যানিটাইজ করা হচ্ছে। মহামারী থেকে বাঁচতে সেখানে শুকনো খাবার, স্যানিটাইজার ও মাস্ক মজুত রাখা হচ্ছে। এদিকে, আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে, উত্তর আন্দামান সাগরে যে নিম্নচাপটি রয়েছে, সেটিই আগামী ২২ মে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। তারপরই তা স্থলভাগের দিকে ধীরে ধীরে সরতে থাকবে। শেষে ২৬ মে সকালেই ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘যশ’।









