এক ফোনে অক্সিজেন মেদিনীপুর-খড়্গপুরে! সৌজন্যে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আসছে সেফ হোম ও অ্যাম্বুল্যান্স পরিষেবাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে: এক ফোনে অক্সিজেন সমস্যার সমাধান এবার জেলা শহর মেদিনীপুর ও রেল‌ শহর খড়্গপুরের করোনা সংক্রমিতদের জন্য। সৌজন্যে, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (PMDCCI—Paschim Medinipur District Chamber of Commerce and Industry)। অক্সিজেন সমস্যায় জেরবার হচ্ছেন করোনা আক্রান্ত রোগীর পরিজনেরা। বাড়িতে রেখেই যাঁরা চিকিৎসা করাতে চাইছেন অথবা রিপোর্ট পজিটিভ আসার আগেই রোগীর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, এই পরিস্থিতিতে প্রয়োজন অক্সিজেন! কিন্তু, তা জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে শহরবাসীকে। বিশেষত, মেদিনীপুর ও খড়্গপুরে প্রতিদিন যেভাবে হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা, তাতে অক্সিজেন নিয়ে দুঃশ্চিন্তা বাড়ছিল শহরবাসীর। এই পরিস্থিতিতে এগিয়ে এলেন পশ্চিম মেদিনীপুর জেলা বণিক সভার সদস্যরা। একেবারেই স্বল্প মূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

thebengalpost.in
দেখে নিন যোগাযোগের নম্বর গুলি :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

অক্সিজেনের কালোবাজারি যখন চারিদিকে, অতিরিক্ত দাম দিয়েও যখন মিলছেনা সিলিন্ডার; সেই পরিস্থিতিতে ন্যায্য দামে বা ভাড়ায় অক্সিজেন পরিষেবা দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে সমস্ত মহল থেকেই। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ৪ (চারটি) টি ফোন নম্বর দেওয়া হয়েছে। এই ফোন নম্বরে যোগাযোগ করলেই অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাবে, যেকোনো মুহূর্তে। প্রতিদিন ভাড়া মাত্র ১০০ টাকা। তবে, ১০ দিনের বেশি সিলিন্ডার পরিষেবা দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। ১০ দিনের বেশি হলে সেক্ষেত্রে কোনো হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হচ্ছে বণিক সভার পক্ষ থেকে। এই পরিষেবার ক্ষেত্রে শুধু একটাই শর্ত আছে সিলিন্ডার ফেরত দেওয়ার আগে পর্যন্ত ১৫,০০০ টাকা জমা রাখতে হবে, সিলিন্ডার ফেরত দেওয়ার সাথে সাথেই সেই অর্থ ফিরিয়ে দেওয়া হবে! এই বিষয়ে অন্যতম দায়িত্বপ্রাপ্ত PMDCCI এর সহকারী কোষাধ্যক্ষ মৃণাল কান্তি বারিক জানিয়েছেন, “প্রথম ৫ দিনের জন্য ৫০০ টাকা ভাড়া নেওয়া হবে। একটা ৪০ লিটারের সিলিন্ডার দেওয়া হবে। তা ৫ দিনে শেষ হয়ে যাওয়ায় পর, দ্বিতীয় ও শেষ বারের জন্য ওই সিলিন্ডার ফেরত দিয়ে নতুন একটি সিলিন্ডার নিতে পারবেন আরও ৫০০ টাকা ভাড়া দিয়ে। তবে, সিলিন্ডার নিজেদের কাছে থাকা পর্যন্ত ১৫,০০০ টাকা সিকিউরিটি মানি বা কশান মানি জমা নেওয়া হবে। সিলিন্ডার ফেরত দিলেই তা ফিরিয়ে দেওয়া হবে।” অপরদিকে, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে চলতি সপ্তাহেই একটি “সেফ হোম” এর উপহার দেওয়ার কথা জেলাবাসীকে। এই বিষয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন PMDCCI এর সাধারণ সম্পাদক চন্দন বসু। অতিমারীর এই চরম সঙ্কটজনক পরিস্থিতিতে অক্সিজেন পরিষেবা, সেফ হোম এবং অ্যাম্বুল্যান্স পরিষেবা এই সবকিছু নিয়ে জেলাবাসীর পাশে দাঁড়াতে চাইছে পশ্চিম মেদিনীপুর ডিসিসিআই, এমনটাই জানিয়েছেন অন্যতম উদ্যোক্তা তথা PMDCCI এর চিফ অ্যাডভাইসর (Chief Advisor) বা প্রধান উপদেষ্টা মদনমোহন মাইতি।
*** অক্সিজেনের জন্য যোগাযোগ: ৯৮৩০২৪৯৯৯৯/৯৪৩৪৩৬৯৭৭৮/৯৬৪৭৩০১০০০।
শুধুমাত্র রাত্রি ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত: ৮৪৩৬০০৮০০০

thebengalpost.in
চলছে সেফ হোমের প্রস্তুতি :

(এক ফোনে অক্সিজেন, পশ্চিম মেদিনীপুর, প্রতীকী ছবি)

আরও পড়ুন -   মেদিনীপুরের "দুয়ারে" সরকারের মুখ্য, 'মমতা'য় আপ্লুত আবেদনকারীরা