অনুপ্রেরণার নাম যখন ঐশিক! মেদিনীপুরের ক্ষুদে প্রতিভা কোভিড নিয়েই অংশগ্রহণ করল অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায়

মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ১৬ মে: সময় অত্যন্ত সঙ্কটপূর্ণ! মনে ‘সঙ্কোচ’ও ছিল, নিজেও যে কোভিড আক্রান্ত! কিন্তু, প্রাণে যে রবি ঠাকুর। আর, বলবার বিষয়ও তো তিনিই! আমাদের সকলের প্রাণের ‘ঠাকুর’ রবীন্দ্রনাথ। আর, তাই রবিঠাকুরের সেই গান— “সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান/ সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ”, মায়ের মুখ থেকে একবার শোনা মাত্রই, সমস্ত সঙ্কোচ-ভীতি দূরে সরিয়ে, ছোট্ট ঐশিক অংশগ্রহণ করল নিজের আবৃত্তির স্কুলের অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায়। আবৃত্তি ছাড়াও, রবিবার ঐশিক অংশগ্রহণ করেছিল বক্তৃতা প্রতিযোগিতায়। পূর্ব-নির্ধারিত বিষয় ছিল- “সকলের রবিঠাকুর”। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা তথা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ শ্রেণীর (ক্লাস সিক্সের) ছাত্র ঐশিক যখন মুখে মাস্ক পরে বলতে শুরু করে, একবারের জন্যও বিচারকদের মনে হয়নি, ঐশিক করোনা সংক্রমিত বা অসুস্থ! একবিংশ শতককে আন্দোলিত করে দেওয়া, সমগ্র বিশ্বকে প্রায় ২ বছরের জন্য স্তব্ধ করে দেওয়া, অতিমারীর পরিস্থিতি তৈরির জন্য দায়ী যে নোভেল করোনা ভাইরাস (কোভিড ১৯) এই মুহূর্তের সবথেকে বড় আতঙ্কের নাম; সেই জীবাণু’র ছিঁটেফোঁটাও যে ঐশিকের শরীরে প্রবেশ করেছে, তা কে বলবে! গড়গড় করে ঐশিক বলে যায় তাঁর প্রিয় কবি, প্রাণের দেবতা রবি ঠাকুর সম্পর্কে। মাত্র ২ মিনিটের সংক্ষিপ্ত সময়ে ঐশিক ব্যক্ত করে তাঁর ‘রবিঠাকুর’কে। মাত্র ১২ বছর বয়সে রবি ঠাকুর সম্পর্কে যেটুকু জেনেছে, মা-বাবার মুখ থেকে শুনেছে আর গল্প-কবিতা-নাটক-গানে পড়েছে কিংবা আত্মস্থ করেছে, সেই সবকিছু অনুভূতিই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মেধাবী ছাত্র ঐশিক অনায়াসে তুলে ধরল বিচারকদের সামনে (অবশ্যই ভার্চুয়াল মাধ্যমে)। মুগ্ধ হলেন বিচারক মণ্ডলী। তখনও পর্যন্ত অনলাইন মাধ্যমের অপর প্রান্তে বসে থাকা তিন জন বিচারকই অবশ্য জানতেন না, সম্প্রতি ছোট্ট ঐশিকের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে!

thebengalpost.in
অনলাইন প্রতিযোগিতায় ছোট্ট ঐশিক :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

ঐশিকের মুখে ছিল মাস্ক। যেখানে বসে ঐশিক বলছিল, সেই ঘরটাতে ঠিকঠাক আলো ছিলনা বলে, তার মুখখানি ভালোভাবে দেখতে পাননি বিচারকের আসনে থাকা বর্ষীয়ান বাচিক শিল্পী দীপক বসু। সকলের বলা শেষ হয়ে গেলে তিনি প্রশ্ন করেন, “ঐশিক খুব ভালো বলেছো, কিন্তু, তোমার মুখখানা স্পষ্ট দেখতে পেলাম না কেন?” সবকিছুই জানতেন সঞ্চালক তথা এই প্রতিযোগিতার আয়োজক “স্বর-আবৃত্তি, মেদিনীপুর” এর কর্ণধার শুভদীপ বসু। তিনি বলেন, “হ্যাঁ, একটা কারণ আছে! ঐশিক তুমি কি কিছু বলতে চাও?” ভার্চুয়াল মাধ্যমে বিচারকদের আসনে বসে থাকা ৩ জন বিচারক এবং অন্যান্য প্রতিযোগীদের স্তম্ভিত করে দিয়ে ঐশিক জানায়, “স্যার, আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সেজন্যই এই ঘরে আইসোলেশনে আছি। লাইট হয়তো ঠিকঠাক নেই। আমি মুখ থেকে মাস্কও খুলিনি এই কারণেই।” কিছুক্ষণের জন্য একটা স্তব্ধতা! মাধ্যমটা ছিল অনলাইন, তাই একসাথে ৩ বিচারকের কিছু বলে ওঠা বা প্রতিক্রিয়া দেওয়া একটু কঠিন ছিল। কিন্তু, ৩ জনই উন্মুখ হয়ে ছিলেন কিছু বলার জন্য! প্রথমেই বললেন বয়স ও অভিজ্ঞতায় সমৃদ্ধ দীপক বাবু। বললেন, “বাবা! অনেক বড় হও। তুমি খুব ভালো বলেছো। আমি তো জানতাম না, তাই জিজ্ঞেস করেছিলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো।” এরপর বললেন, মেদিনীপুরের বিশিষ্ট বাচিক শিল্পী ও সঞ্চালিকা শতাব্দী গোস্বামী। তিনি বললেন, “তোমার কিচ্ছু হয়নি ঐশিক, হতেই পারেনা! রবি ঠাকুর যার প্রাণে, যার কণ্ঠে, যার অনুভূতিতে তার আবার কিছু হতে পারে নাকি। তবে, তুমি যে সাহস দেখিয়েছ, তোমাকে কুর্ণিশ। তুমি হোম আইশোলেশনে থাকা অনেকের অনুপ্রেরণা হয়ে উঠলে!” অপর বিচারক মেদিনীপুর শহরের অন্যতম সংস্কৃতি-মনস্ক ব্যক্তিত্ব, রবীন্দ্র প্রেমী এবং মেদিনীপুর ‘রবীন্দ্র স্মৃতি সমিতি’র সম্পাদক লক্ষ্মণ চন্দ্র ওঝা বললেন, “তোমার অদম্য সাহস, দুর্বার মানসিকতা আর ঐকান্তিক রবীন্দ্র প্রেম আমাদের অভিভূত করল। তুমি খুব ভালো বলেছ। আর, তুমি দ্রুত সুস্থও হয়ে যাবে, কারণ ছোটোদের শরীরে কোভিড বড় প্রভাব ফেলতে পারেনা।”

thebengalpost.in
ঐশিক চক্রবর্তী :

ঐশিক জানায়, তার বয়স্ক দাদু’র শরীরে প্রথম ধরা পড়ে কোভিড – ১৯ ভাইরাসের জীবাণু। এরপর, সে এবং তার বাবা-মা পরীক্ষা করায়। রিপোর্ট পজিটিভ আসে তার এবং মা, পেশায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পলি পাহাড়ি’র। বাবা সরকারি দপ্তরের আধিকারিক ড. ইন্দ্রজিৎ চক্রবর্তী’র রিপোর্ট অবশ্য নেগেটিভ আসে। এই মুহূর্তে, মায়ের সাথে বাড়িতেই একটি আলাদা রুমে আইসোলেশনে আছে ঐশিক (দু’জনই স্বল্প উপসর্গযুক্ত বা প্রায় উপসর্গহীন)। কিন্তু, রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে, কবিপক্ষে আয়োজিত ‘স্বর-আবৃত্তি’র সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা থেকে কোনও শারীরিক প্রতিকূলতাই তাকে বিরত করতে পারেনি! সাহস জুগিয়েছেন মা, শিক্ষিকা ও বাচিক শিল্পী পলি দেবী এবং বাবা, সংস্কৃতি-মনস্ক আধিকারিক ইন্দ্রজিৎ বাবু’ও। ভূমিকা কম নয়, স্বর-আবৃত্তির কাণ্ডারী তথা ঐশিকের আবৃত্তির শিক্ষক শুভদীপ বসু’রও। শুভদীপ বললেন, “ঐশিক’রাই তো আমাদের গর্ব, আমাদের অনুপ্রেরণা।” মহামারীর সময়ে এই প্রাণশক্তি সঞ্চারিত হোক প্রতিটি মানুষের শরীরে-মনে-প্রাণে; কামনা করলেন সকলে। আর ছোট্ট ঐশিক তো আগেই “ভয়” কে “জয়” করেছে; সে শুধু বার্তা দিতে চাইল অসংখ্য সংক্রমিত মানুষের উদ্দেশ্যে— “মুক্তো করো ভয়/আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।” আর, দূর আকাশ হতে ভেসে এলো মহামন্দ্রিত কণ্ঠস্বর- “উদয়শিখরে জাগে মাভৈঃ মাভৈঃ রব/ নব জীবনের আশ্বাসে/জয় জয় জয় রে মানব-অভ্যুদয়…!”

thebengalpost.in
ছাত্র-ছাত্রীদের নিয়ে স্বর-আবৃত্তির শিক্ষক শুভদীপ বসু (ফাইল ছবি) :

আরও পড়ুন -   মেদিনীপুরে ভয়াবহ আগুন স্পিনিং মিলে, পুড়ে ছাই ১০ লক্ষ টাকার সুতো