দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৮ মার্চ: আবারও ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো খাস কলকাতায়! নন্দরাম মার্কেটের দুঃস্বপ্ন ফিরল স্ট্র্যান্ড রোডে। পূর্ব রেলের অফিসে বিধ্বংসী আগুন। মৃত্যু বেড়ে ৯ হতে চলেছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে রাজ্য সরকার ও রেলের তরফে জানানো হয়েছে ৭ জনের মৃত্যু হয়েছে। তবে, আরও দু’জনের খোঁজ পাওয়া যাচ্ছেনা বলে দমকল মন্ত্রী সুজিত বসু ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও সরকারি চাকরির ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, সোমবার সন্ধে ৬.১৫ নাগাদ স্ট্র্যান্ড রোডের একটি বহুতলের ১৩ তলায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে ১২ তলাতেও। পূর্ব রেলের সদর দফতর এই বহুতলেই। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দফতরের চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের অফিসেই আগুন লাগে। দমকলের ১০ টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে এখনও। উপস্থিত আছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসু সহ রাজ্য সরকার ও রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। জানা গেছে, ৫-৭ জন দমকল কর্মীর মৃত্যু হয়েছে! ১৩ তলায় রেলের ১ নিরাপত্তারক্ষীর মৃত্যু। মৃত ব্যক্তি রেলের ডেপুটি সিকিউরিটি কমিশনারের দেহরক্ষী। এদিকে, সার্ভার রুমে আগুন লাগায়, পূর্ব ভারতের বিস্তীর্ণ শাখায় অনলাইন বুকিং বন্ধ করা হয়েছে। বিপর্যস্ত র্পূর্ব রেল, দঃ পূর্ব রেল, উত্তর পূর্ব সীমান্ত রেলের অনলাইন পরিষেবা।







