লকডাউনের সুযোগে বনদপ্তরের জায়গায় রাতারাতি বাড়ি তৈরি পশ্চিম মেদিনীপুরে! আইনি পদক্ষেপ কর্তৃপক্ষের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ মে: করোনা’র তৃতীয় ঢেউ রুখে দিতে চলছে লকডাউন। আর, সেই সুযোগকেই কাজে লাগিয়ে, জঙ্গল এলাকায় বনদপ্তরের জায়গা দখল করে আস্ত একখানা বাড়ি তৈরি করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর রেঞ্জ (বা বনাঞ্চল) এর অধীন ভাদুতলা সংলগ্ন উত্তর তসরআড়া মৌজার বাঘাশোলে এক ব্যক্তির বিরুদ্ধে বেআইনিভাবে বনদপ্তরের জায়গায় বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। খবর পেয়েই অবশ্য মেদিনীপুর ও ভাদুতলা রেঞ্জের আধিকারিক সহ বন দফতরের কর্মীরা গিয়ে সেই বাড়ি ভেঙ্গে দেন এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা‌ হয়।

thebengalpost.in
অবৈধ নির্মাণ ভেঙে ফেললো বন দফতর :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

প্রসঙ্গত, সোমবার মেদিনীপুর ও ভাদুতলা রেঞ্জের আধিকারিকদের কাছে খবর পৌঁছয়, তসরআড়া সংলগ্ন এলাকায় বনদপ্তরের জায়গা দখল করে অবৈধভাবে বাড়ি তৈরি করা হয়েছে। এরপরই দ্রুত পদক্ষেপ নেওয়া বন দফতরের তরফে। দখলমুক্ত করা হয় ওই জায়গা, ভেঙে দেওয়া হয় অবৈধ নির্মাণ! ভাদুতলা রেঞ্জের রেঞ্জ অফিসার পাপন মোহান্ত জানান, “আইনি পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। এই ধরনের প্রবণতা অত্যন্ত খারাপ। ওই এলাকা এমনিতেই হাতির করিডর বা যাতায়াতের পথ। এখন যেহেতু ওই এলাকায় হাতি নেই, আর লকডাউনের জন্যও এলাকা নির্জন হয়ে গেছে। সেই সুযোগে বাড়ি তৈরি করে নেওয়া হচ্ছে। এক থেকে এভাবেই একাধিক অবৈধ নির্মাণ গড়ে ওঠে। তাই গোড়াতেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

আরও পড়ুন -   লকডাউন অমান্য করে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ, কংগ্রেস নেতাদের আটক করল কোতোয়ালি থানার পুলিশ