নারদে নাটকীয় মোড়! বুধবার পর্যন্ত জেলে থাকতে হবে সুব্রত-শোভন-ফিরহাদ-মদন’কে; নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৭ মে: নারদা মামলায় নাটকীয় মোড়! বুধবার পর্যন্ত জেলেই কাটাতে হবে সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ ববি হাকিম এবং মদন মিত্র’কে। নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সন্ধ্যায় জামিনের আবেদন মঞ্জুর করেছিল ব্যাঙ্কশাল আদালত। এরপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করে সিবিআই। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সেই মামলা গ্রহণ করেন এবং জানিয়ে দেন আগামী বুধবার পরবর্তী শুনানি হবে। তার আগে পর্যন্ত নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়। অর্থাৎ জেলেই থাকতে হবে গ্রেফতার হওয়া চার নেতা-মন্ত্রীকে।

thebengalpost.in
স্বস্তি বজায় থাকলনা বেশিক্ষণ :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

প্রসঙ্গত, আজ সকালে গ্রেফতার করা হয়, ২ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ ববি হাকিম, ১ বিধায়ক মদন মিত্র এবং ১ প্রাক্তন বিধায়ক শোভন চট্টোপাধ্যায়’কে। এরপর, সন্ধ্যায় (৭ টা নাগাদ) ব্যাঙ্কশাল আদালত এই চার জন নেতার জামিন মঞ্জুর করে। বিচারপতি অনুপম মুখোপাধ্যায় জানিয়ে দেন, “জেল হেফাজতের প্রয়োজন নেই।” কিন্তু, নাছোড় সিবিআই এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন জানায়। শেষ পর্যন্ত, কলকাতা হাইকোর্ট সিবিআই এর আবেদন গ্রহণ করে এবং নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ জারি করে। বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দেওয়া হয়। তার আগে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, প্রেসিডেন্সি জেলের একটি বিশেষ ওয়ার্ডে রাখা হবে রাজ্যের প্রভাবশালী এই ২ মন্ত্রী, ১ বিধায়ক ও ১ প্রাক্তন বিধায়ক’কে।

আরও পড়ুন -   সবংয়ের তৃণমূল প্রার্থী মানস রঞ্জন ভূঁইয়া'কে নোটিস পাঠাল সিবিআই