দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২১ এপ্রিল : “আমাদের ডান পাশে ধ্বস/আমাদের বাঁয়ে গিরিখাদ…তবু তো ক’জন আছি বাকি/ আয় আরো হাতে হাত রেখে/ আয় আরো বেঁধে বেঁধে থাকি।” অসময়ে বাঙালির প্রাণের উচ্চারণ ছিল কবি শঙ্খ ঘোষের কবিতা! আজ অসহায় বাঙালি তাঁর চরম-দুঃসময়ে হারাল প্রাণপ্রিয় কবি শঙ্খ ঘোষ’কে। প্রকৃত নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ। রবীন্দ্র ও জীবনানান্দ পরবর্তী বাংলা কাব্য জগতের অন্যতম শ্রেষ্ঠ এই অলঙ্কার কবি শঙ্খ ঘোষ হিসেবেই সারা বিশ্বে সমাদৃত হয়েছিলেন। কোভিডের এই দ্বিতীয় ঢেউ আজ সকাল ১১ টা নাগাদ কেড়ে নিল বাংলা কাব্য জগতের অন্যতম শ্রেষ্ঠ এই রত্ন’কে!


Whatsapp Group এ
শক্তি-সুনীল-শঙ্খ-উৎপল-বিনয়, জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার এই ‘পঞ্চপাণ্ডব’ এর বাকি চার জন চলে গিয়েছিলেন আগেই! চলে গেলেন শঙ্খবাবুও। ৮৯ বছর বয়সে (জ: ৫ ফেব্রুয়ারি, ১৯৩২ – প্র: ২১ এপ্রিল, ২০২১)। প্রসঙ্গত, গত ১৪ ই এপ্রিল কোভিড সংক্রমণ ধরা পরার পর ঝুঁকি না নিয়ে বাড়িতেই নিভৃতবাসে ছিলেন। তিনি নিজেও হাসপাতালে যেতে চাননি। তাই বাড়িতেই চিকিৎসা চলছিল। কিন্তু, মঙ্গলবার রাতে হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বুধবার সকালে তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়। কিন্তু, চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কবি। বেলা সাড়ে ১১টা নাগাদ ভেন্টিলেটর খুলে নেওয়া হয়।


“দিনগুলি রাতগুলি” দিয়ে তাঁর বাংলা কাব্য জগতের পথচলা। “বাবরের প্রার্থনা” তাঁর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। এছাড়াও, “জলই পাষাণ হয়ে আছে”, “ধূম লেগেছে হৃৎকমলে”, “পাঁজরে দাঁড়ের শব্দ”, “গান্ধর্ব কবিতাগুচ্ছ” প্রভৃতি অসামান্য সৃষ্টি দিয়ে সাজানো বিশিষ্ট এই রবীন্দ্র গবেষক, মানবপ্রেমিক কবির কাব্যজগত। আজ সারা বিশ্বের এই অশান্ত, অস্থির, কঠিন, কঠোর সময়েও তাঁর কবিতার চরণগুলিই হোক মানবজাতির পাথেয়- “আমাদের পথ নেই আর/ আয় আরো বেঁধে বেঁধে থাকি।”









