দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ২১ এপ্রিল: করোনা সংক্রমিত হলেন শালবনী বিধানসভার তৃণমূল প্রার্থী তথা গত দু’বারের বিধায়ক শ্রীকান্ত মাহাত। সূত্রের খবর অনুযায়ী, নিজের এলাকায় ভোটপর্ব (২৭ মার্চ) মিটে যাওয়ার পর, তিনি রাজ্যের অন্যান্য জেলার প্রার্থীদের প্রচারে ব্যস্ত হয়ে পড়েছিলেন। রবিবার তিনি আসানসোল-দুর্গাপুর এলাকায় প্রচারে যান, যেখানে এই মুহূর্তে “করোনা বিস্ফোরণ” চলছে! সেখানে গিয়ে কাশি সহ সামান্য উপসর্গ দেখা দেওয়ায় তিনি করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। সোমবার রাতে রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার থেকেই তিনি শালবনীর বাড়িতে গৃহ নিভৃতবাসে আছেন বলে জানা গেছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানা গেছে।


Whatsapp Group এ
অন্যদিকে, নিজের এক সহকর্মী সম্প্রতি করোনা সংক্রমিত হওয়ার পর হোম আইশোলেশনেই ছিলেন যাদবপুরের বাম সংযুক্ত মোর্চার প্রার্থী সুজন চক্রবর্তী। কিন্তু, বুকে ব্যাথা সহ অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় তিনি করোনা পরীক্ষা করান। বুধবার সকালে সেই রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, তাঁর চেস্ট এক্স-রে’তে সামান্য সংক্রমণ দেখা দেওয়ায় চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। তবে, এই মুহূর্তে শারীরিক অবস্থা স্থিতিশীল যাদবপুরের বিদায়ী বিধায়কের।











