যশে বিপর্যস্ত হতে পারে পশ্চিম মেদিনীপুরের একাংশ! ৮০ হাজার মানুষকে সরিয়ে আনা হল, মধ্যরাতে ত্রাণশিবিরে স্বয়ং জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মে: আবহাওয়া দপ্তরের সর্বশেষ অনুমান অনুযায়ী, ওড়িশার বালেশ্বর বা বালাশোর (Balasore) এর কাছেই “যশ” (Yaas) এর ল্যান্ডফল হতে চলেছে। ঘন্টায় ১৫০-১৮০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে বালেশ্বর কিংবা কাছাকাছি কোথাও। এরপর, আরও পশ্চিমে গিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে শক্তি হারিয়ে। স্বভাবতই, ওড়িশা উপকূলে ল্যান্ডফল হলে, বাংলার যে দুটি জেলার উপর সর্বাধিক প্রভাব পড়বে, তা হল- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। এরপর, ঝাড়খণ্ডে প্রবেশ করলে অতিভারী বৃষ্টিতে ভিজবে দুই মেদিনীপুরের সাথে সাথে ঝাড়গ্রামও। এদিকে, পূর্ব মেদিনীপুরের দীঘা উপকূলের সাথে সাথে,‌‌ তীব্র ঝড়-ঝঞ্ঝা ও অতিভারী বৃষ্টিতে একপ্রকার বিপর্যস্ত হতে পারে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের দুটি ব্লক, কেশিয়াড়ি এলাকা। ইতিমধ্যে সেখানে বৃষ্টিপাত চলছে। তাই, সোমবার মধ্যরাতেই (ঘড়ির কাঁটায় অবশ্য মঙ্গলবারই বলা চলে) ওইসব এলাকার বিভিন্ন ত্রাণশিবির পরিদর্শন করলেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক তুষার সিংলা, ডেপুটি ম্যাজিস্ট্রেট (বিপর্যয় মোকাবিলা/NDC) দেবব্রত সাউ, কেশিয়াড়ির বিডিও সৌগত রায় প্রমুখ আধিকারিক ও পুলিশ প্রশাসনের কর্মীরা।

thebengalpost.in
জেলাশাসক ডঃ রশ্মি কমল ত্রাণশিবিরে :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

বৃষ্টি মাথায় নিয়েই জেলাশাসক ডঃ রশ্মি কমল মধ্যরাতে পৌঁছে যান কেশিয়াড়ি ব্লকের কয়েকটি ত্রাণশিবিরে। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন। কথা বলেন ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া বাসিন্দাদের সাথে। প্রসঙ্গত, জেলা প্রশাসনের তরফে ত্রাণশিবিরের জন্য পর্যাপ্ত শুকনো খাবার, পানীয় জল ও কোভিড নিরাপত্তার জন্য মাস্ক ও স্যানিটাইজার বরাদ্দ করা হয়েছে আগেই। কেশিয়াড়ির বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫,০০০ বাসিন্দাদের সরিয়ে নিয়ে আসা হয়েছে নিরাপদ কেন্দ্রে বা ফ্লাড সেন্টারে। জেলাশাসক ডঃ রশ্মি কমল জানালেন, “সারা জেলার প্রায় ৮০,০০০ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসা হয়েছে। জেলায় পৌঁছেছে ৪ টি NDRF, ২ টি SDRF টিম। আছে কেন্দ্রীয় বাহিনীও।” তিনি এও জানালেন, “ঝড় ও অতিভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে দাঁতন, মোহনপুর, কেশিয়াড়ি এবং ঘাটাল এলাকা। সেজন্যই এই এলাকাগুলির উপর গুরুত্ব দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে।”

thebengalpost.in
মধ্যরাতে ত্রাণশিবিরে জেলাশাসক :

thebengalpost.in
বালেশ্বর ও দীঘার আরও কাছাকাছি যশ :

আরও পড়ুন -   দু'দুটি ভ্যাকসিন ছাড়পত্র পেল দেশে! লন্ডনের কোভিশিল্ডের পর ভারতের কোভাক্সিন