বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৫ মে : অভিশপ্ত ২০২০ তে ঘটলো আরও এক নক্ষত্রপতন! লকডাউনের মাঝেই কিংবদন্তি হকি তারকা বলবীর সিং সিনিয়র পাড়ি দিলেন না ফেরার দেশে। দীর্ঘ রোগভোগের পর সোমবার সকালে ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় হকির অন্যতম এই প্রাণপুরুষ।
পরপর তিনটি অর্থাৎ ১৯৪৮ এর লন্ডন অলিম্পিক,১৯৫২ র হেলসিঙ্কি অলিম্পিক, ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকে ধারাবাহিকভাবে ভারতীয় হকি দলের হয়ে সোনা জেতেন বলবীর সিং। শুধু তাই নয়, ১৯৫২ সালে অলিম্পিকের ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে একাই ৫ গোল করে রেকর্ড করেন তিনি। যে রেকর্ড আজও অক্ষত। ১৯৫৬ সালের অলিম্পিকে ভারতীয় হকি দলের হয়ে যোগ্য নেতৃত্বও দেন বলবীর সিং।
হকিতে তাঁর অনবদ্য অবদানের জন্যে ১৯৫৭ সালে প্রথম ভারতীয় হকি খেলোয়াড় হিসেবে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় তাঁকে। পাদপাশি, ১৯৭৫ সালে ভারতের একমাত্র বিশ্বকাপজয়ী দলের ম্যানেজার হিসেবেও তিনি তাঁর দায়িত্ব পালন করেন। এই মাসের ৮ তারিখ চন্ডীগড়ের স্থানীয় এক হাসপাতালে তিনি শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হন। ১৮ মে থেকে সেমি কোমাটোজ অবস্থায় ছিলেন তিনি। হাসপাতাল থেকে জানানো হয়ে যে, সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় হকির অন্যতম এই খেলোয়াড়। কিংবদন্তি এই হকি খেলোয়াড়ের প্রয়াণের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেলো ভারতীয় হকির এক স্বর্ণযুগ!







