নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ১৪ মে :
গ্রীষ্মকালীন রক্তের সংকট প্রবল হয়ে উঠছে ক্রমশ। তার সাথে, অতিমারীর ভয়াবহতা আর লকডাউনের বিধিনিষেধ, এই সংকটকে আরো তীব্র আকার দিয়েছে। বেশিরভাগ ব্লাড ব্যাংক’ই রক্তের অভাবে ভুগছে। সমস্যায় পড়ছেন, থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে, রক্তাল্পতা ও জরুরী অপারেশনের প্রয়োজন থাকা চিকিৎসাধীন ব্যক্তিরা। এই ভয়ঙ্কর কঠিন সময়ে, রক্তের চাহিদা পূরণ করতে তাই এগিয়ে এলো, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখা।
সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সংগঠনের উদ্যোগে, আজ (১৪ মে) মেদিনীপুর শহরে তাদের দ্বিতীয় শিবিরটি আয়োজিত হল। করোনা আতঙ্ক এবং দুর্বিষহ গরমকে উপেক্ষা করেও ৩৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন এই শিবিরে। সংগঠনের জেলা সভাপতি অর্ঘ্য চক্রবর্তী বলেন, ” এই চরম দুর্দিনে, মহামারী আর লকডাউন উপেক্ষা করেও যাঁরা রক্ত দিলেন, তাঁদের প্রত্যেককে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। যাঁদের জন্য এই মহৎ কাজ সম্পন্ন হলো তাঁদের (বিশেষ করে সংগঠনের দুই নেতৃত্ব সোমেন ঘোষ ও রাজর্ষি মাঝি) প্রচেষ্টাকে কুর্নিশ জানাই। কৃতজ্ঞতা জানাই কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া’কে, যিনি নিজে উপস্থিত থেকে, তাঁর বিদ্যালয়ে এই শিবির আয়োজন করার সুযোগ করে দিয়েছেন।”
এই রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সক্রিয় সদস্য তথা জেলা তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, কার্যকরী সভাপতি ও সংগঠনের অন্যতম হিতাকাঙ্খী নির্মাল্য চক্রবর্তী, অজয় সেন, মুরারী কোলে, গৌরাঙ্গ সিংহ, সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্ব যথাক্রমে কৃষ্ণেন্দু বিষই, অনিমেষ দে, বিভাস ভট্টাচার্য, পার্থ প্রতীম মণ্ডল, দেবাশীষ মণ্ডল, গোলাম মোর্তাজা সহ সদর আর আর, সদর গ্রামীণ ও সদর পূর্ব চক্রের নেতৃত্ববৃন্দ।







