দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ মে: বঙ্গোপসাগরে ইতিমধ্যে তৈরি হয়েছে নিম্নচাপ। যা শক্তিশালী ঘূর্ণাবর্তে রূপান্তরিত হয়ে সুপার সাইক্লোনে পরিণত হতে চলেছে! পূর্বাভাস দিচ্ছে আবহাওয়াবিদদের একাংশ। চলতি সপ্তাহের শেষেই (২৩ মে নাগাদ) আছড়ে পড়তে পারে এই সুপার সাইক্লোন। ২৩ থেকে ২৫ মে’র মধ্যে বাংলার বুকে আছড়ে পড়তে চলেছে এই সুপার সাইক্লোন, এমনটাই আশঙ্কা করা হচ্ছে! এই সুপার সাইক্লোনের নাম দেওয়া হয়েছে “যশ”। নাম দিয়েছে ওমান। হাওয়া অফিসের মতে, সুন্দরবন অঞ্চলে আছড়ে পড়ার আশঙ্কা সুপার সাইক্লোন যশের। যেখান থেকে সাইক্লোনের অভিমুখ বাংলাদেশের দিকে। তবে, আবহাওয়া বিদদের অনেকেই আবার বলছেন, ওড়িশা উপকূলেও আছড়ে পড়তে পারে আগামী ২৫ শে মে। সেক্ষেত্রে, দীঘা-শঙ্করপুর সৈকতেও ব্যাপক প্রভাব পড়তে পারে। প্রসঙ্গত, গত বছর ঠিক এই সময়ই (২০-২১ মে) সুন্দরবনে আমফান আছড়ে পড়ার পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রায় ঘণ্টায় ২৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছিল। লন্ডভন্ড হয়ে গিয়েছিল কলকাতা সহ সমগ্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গ!


Whatsapp Group এ

এক বছর আগে, ২০২০’র মে মাসে এই বঙ্গোপসাগরেই তৈরি হয়েছিল এক নিম্নচাপ। যার পরিণতি অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান বা আমপান (প্রকৃত উচ্চারণে, উমপুন)। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আমপানের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়! তার রেশ কাটতে না কাটতেই ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ঘূর্ণিঝড় “টাউটে” বা তাউকটে (Tauktae) ইতিমধ্যেই তাণ্ডব চালিয়েছে ভারতের পশ্চিম উপকূলে। এর মধ্যেই বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৩ মে নাগাদ বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে একটি নিম্নচাপ। তবে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সে ব্যাপারে এখনই কোনও মন্তব্য করতে নারাজ হাওয়া অফিস। আবহাওয়াবিদদের মতে, বর্তমানে সাগরের তাপমাত্রা বেশি। ফলে নিম্নচাপের সম্ভাবনা থেকেই যায়। ২৩ মে নাগাদ তেমনই একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেই সম্ভাবনার কথাই তাঁরা বলছেন। শুধু তাই নয়, ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে দ্রুত শক্তি বাড়িয়ে নিতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। তবে এ সব নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চান না তাঁরা। এক আবহাওয়া বিজ্ঞানীর কথায়, “এখনও বাচ্চা জন্মই নেয়নি। তা হলে সে বড় হয়ে ডাক্তার হবে না ডাকাত, সে কথা এখনই কী করে বলা সম্ভব!” তবে, ইতিমধ্যেই, সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোকে সতর্ক করা হচ্ছে বলে জানা গেছে।









