দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ৬ ফেব্রুয়ারি: প্রাথমিক বিদ্যালয়ের অবর বিদ্যালয় পরিদর্শক বা SI (S/Primary) দের নিয়োগের ছাড়পত্র দেওয়া হল অবশেষে। দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় ধরে চাকরিপ্রার্থী’রা প্যানেলভুক্ত অবস্থায় ছিলেন। নিয়োগের আগে রীতিমতো হাপিত্যেশ করে বসেছিলেন প্রায় তিন শতাধিক সফল পরীক্ষার্থী। অবশেষে বিধানসভা নির্বাচনের মুখে এল কাঙ্ক্ষিত সুখবর! শিক্ষা দপ্তরের পক্ষ থেকে দেওয়া হল নিয়োগের ছাড়পত্র। গতকাল (৫ ফেব্রুয়ারি) সফল পরীক্ষার্থীদের অ্যাপয়েন্টমেন্ট (Appointment Letter) লেটার বা নিয়োগের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শক (DI) ও প্রাথমিক বিদ্যালয় সংসদের (DPSC) চেয়ারম্যানদেরও এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ২৪ জন এবং ঝাড়গ্রাম জেলায় ৬ জন নিযুক্ত হতে চলেছেন।

পশ্চিম মেদিনীপুর জেলার যে সমস্ত সার্কেল বা চক্রে এই নতুন এসআই বা অবর বিদ্যালয় পরিদর্শকরা নিযুক্ত হতে চলেছেন, সেগুলি হল- সদর রুরাল, সদর আর্বান, খড়্গপুর, খড়্গপুর (পশ্চিম), গড়বেতা (দক্ষিণ), গড়বেতা (পশ্চিম), গড়বেতা- ২, গড়বেতা- ৩, আমলাগোড়া, বিদ্যাসাগর সার্কেল, রামজীবনপুর, কেশিয়াড়ি- ২, কেশপুর, আনন্দপুর, বেলদা, জাহালদা (দক্ষিণ), পিংলা, সবং (পূর্ব), ঘাটাল (পশ্চিম), ঘাটাল (সাব ডিভিশন সার্কেল), খুকুড়দহ, চন্দ্রকোনা- ২, সোনাখালী এবং লোয়াদা। অপরদিকে, ঝাড়গ্রামের যে সমস্ত সার্কেলে নিয়োগপত্র পেলেন নতুন এস আই (প্রাইমারি) রা, সেগুলি হল- ঝাড়গ্রাম (পশ্চিম), বিনপুর, সাঁকরাইল, নয়াগ্রাম, মানিকপাড়া ও রোহিণী।

এদিকে, রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে ১৬,৫০০ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে, সেই নিয়োগ প্রক্রিয়া এখনো অসম্পূর্ণ থাকায় দুঃশ্চিন্তায় আছেন বেশ কয়েক হাজার চাকরিপ্রার্থী। প্রাইমারি টেট – ২০১৪ (Primary Tet 2014) পাসকরা এবং প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে এই নিয়োগ প্রক্রিয়া চলছে। অনলাইন আবেদনকারীদের ইন্টারভিউ ১৭ ই জানুয়ারি শেষ হয়ে গেলেও, অফলাইনে গত ৯ ও ১০ ই জানুয়ারি আবেদন করা পরীক্ষার্থীদের এখনও ইন্টারভিউর ডেট বা তারিখ ঘোষণা করা হয়নি পর্ষদের পক্ষ থেকে। বিভিন্ন কারণে যাঁরা অনলাইনে আবেদন করতে পারেননি, পর্ষদের নির্দেশে সেই রকম হাজার খানেক পরীক্ষার্থী গত ৯ ও ১০ জানুয়ারি পর্ষদে গিয়ে অফলাইনে আবেদন করে এসেছিলেন। কিন্তু, তাঁদের ইন্টারভিউ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ না হওয়ায় দুঃশ্চিন্তায় পড়েছেন সকল পরীক্ষার্থীই। অপরদিকে, ৭ ও ৮ ই জানুয়ারি অফলাইনে আবেদন জমা করা কেস পিটিশনারদেরও ইন্টারভিউ বাকি। সবমিলিয়ে নিয়োগপ্রার্থীরা এই মুহূর্তে চরম দুঃশ্চিন্তায় আছেন। কারণ, আগামী ১৫-১৬ ফেব্রুয়ারির দিকে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। তার আগে নিয়োগ সম্পূর্ণ হবে কিনা তা নিয়েই চাকরিপ্রার্থীরা দুশ্চিন্তায় আছেন। যদিও, অনগোয়িং প্রসেসের (Ongoing Process) ক্ষেত্রে কোনও সমস্যা হবেনা বলে বিভিন্ন সূত্রে জানা যায়।







