দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদক, সবং, ২৫ ডিসেম্বর : পশ্চিম মেদিনীপুর জেলার সবং এর দশগ্রামে রাস্তা সম্প্রসারণের কাজের সময় দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল পৌনে ন’টা
নাগাদ, দশগ্রামের নতুনপুকুর এলাকায়, রাজ্য সড়কের উপর। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে, রাস্তা সম্প্রসারণের কাজ চলাকালীন দশগ্রামের অভিমুখে আসা এক সাইকেল আরোহী হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে গেলে তাঁর মাথার ওপর দিয়েই
একটি গাড়ি চলে যায়। ওই গাড়িটিও ব্যবহৃত হচ্ছিলো রাস্তা তৈরির কাজেই। মর্মান্তিক এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মধ্যবয়স্ক ওই সাইকেল আরোহীর। দুর্ঘটনার পরেই ঘাতক গাড়িটির ড্রাইভার পালিয়ে যান। তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, মৃত ব্যক্তির নাম বৈরাম সিং।ষ, বয়স ৫৫। বাড়ি বেলদা থানা এলাকায়। সবং পুলিশের তৎপরতায় দেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তে। প্রসঙ্গত উল্লেখ্য যে, তেমাথানী-পটাশপুর রাজ্য সড়কের সম্প্রসারণের কাজ চলছে জোরকদমে। আর তার মাঝেই বড়দিনের সকালে মর্মান্তিক এই দুর্ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। স্থানীয়দের বক্তব্য, এই কাজের ক্ষেত্রে আরও সচেতনতা দরকার সংশ্লিষ্ট সকলের।





