দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, শালবনী, ২৯ সেপ্টেম্বর: এলাকা দখলকে কেন্দ্র করে দুই দাঁতালের মধ্যে ধুন্ধুমার লড়াই দেখল শালবনীর মানুষ! মঙ্গলবার বিকেলে, শালবনী ব্লকের মহিষডোবা’র জঙ্গলে (লালগড় রেঞ্জ) দুটি দাঁতালের মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে লড়াই শুরু। আশেপাশের এলাকার মানুষ দুই হাতির ভয়ঙ্কর গর্জন শুনে জড়ো হয়ে যান। উৎসাহিত লোকজন মোবাইলে ছবি তোলা শুরু করে। খবর যায় বনদপ্তরের কাছে। বনদপ্তরের লোকজন আসার আগেই অবশ্য লড়াই বন্ধ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় ৭-৮টি হাতি আছে। তাদের মধ্যে একটি পুরুষ হাতি দলের মোড়ল বা দাঁতাল। অপরদিকে, নতুন কোনো দাঁতাল এসে দলে মিশতে চাইলে লড়াই শুরু হয়। লালগড়ের রেঞ্জ অফিসার শ্রাবনী দে’র সাথে যোগাযোগ না করা গেলেও, পিড়াকাটার রেঞ্জ অফিসার পাপন মোহান্ত বললেন, “হাতিদের সমাজ মহিলাতান্ত্রিক। তবে, দলে একটি পুরুষ হাতি বা দাঁতাল’কে মোড়ল রাখা হয়। সেই মোড়ল মহিলাদের দ্বারাই পরিচালিত হয়। এবার, দলছুট অন্য কোনো পুরুষ হাতি বা দাঁতাল এসে কর্তৃত্ব ফলাতে চাইলে ওই দলনেতা তার বিরুদ্ধে গর্জে ওঠে। এই লড়াইয়ের উপর বনদপ্তরের কোনো নিয়ন্ত্রণ থাকেনা। গত বছরও পিড়াকাটা রেঞ্জের মধুপুর জঙ্গলে এরকম হয়েছিল। দাঁত ভেঙে গিয়েছিল। পরে, চিকিৎসা করা হয়েছিল।” প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল রাতেই পিড়াকাটা রেঞ্জের ঢ্যাংবহড়ার জঙ্গলে একটি হাতি কুঁয়োয় পড়ে গিয়েছিল, সেটিকে অনেক রাতে কুঁয়ো থেকে তোলা হয়।

এদিকে, শালবনী ব্লকের মন্ডলকুপি এলাকায় আজ (মঙ্গলবার) গ্রামবাসীরা একটি বিশাল ময়াল সাপ দেখতে পান। উত্তেজিত গ্রামবাসীরা পুলিশ’কে খবর দেন। পুলিশ এসে সাপটিকে উদ্ধার করেন এবং গোদাপিয়াশাল বনদপ্তরের হাতে ময়াল সাপটিকে তুলে দেন। বন্যপ্রাণী গবেষক রাকেশ সিংহ দেব সাপের ছবি দেখে জানিয়েছেন, “এটি ময়াল সাপ রূপেই পরিচিত। ইন্ডিয়ান রক পাইথন এর আসল নাম। নির্বিষ সাপ। গ্রামবাসীদের ধন্যবাদ সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।”






