মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে! দ্রুতগতির ট্রেনের ধাক্কায় মৃত্যু ডেবরা ও খড়্গপুরের ৩ কর্মরত রেলকর্মীর, গুরুতর আহত ১ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল: মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল পশ্চিম মেদিনীপুরে! দ্রুতগতির ট্রেনের ধাক্কায় মৃত্যু হল কর্মরত ৩ রেলকর্মী (গ্যাংম্যান)’র। গুরুতর আহত হয়েছেন ১ জন। ডুঁয়া (Duan) এবং বালিচক (Balichak) স্টেশনের মাঝে আজ সকাল দশটা-সাড়ে দশটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। হাওড়া থেকে সেকেন্দ্রাবাদগামী (Secunderabad) ফলকনামা এক্সপ্রেস (Falaknuma Express) এর ধাক্কায় ঘটনাস্থলেই তিন রেলকর্মী’র মর্মান্তিক মৃত্যু হয়। আহত ব্যক্তিকে রেলের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল।

thebengalpost.in
মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

প্রসঙ্গত, আজ সকালে লাইন মেরামতের কাজ করছিলেন গ্যাংম্যানরা (Gangman)। সেই সময় ওই লাইনে ঢুকে যায় দ্রুতগতির ট্রেনটি। হঠাৎ ট্রেন ঢুকে যাওয়ায় সরতে পারেননি গ্যাংম্যানেরা। তাতেই মৃত্যু হয় ৩ গ্যাংম্যানের! মৃতেরা হলেন- বাপি নায়েক (বাড়ি খড়্গপুর শহরের বুলবুল চটিতে), নৃপেন পাল (বাড়ি খড়্গপুর শহরের কৌশল্যায়) মানিক মণ্ডল (বাড়ি ডেবরা ব্লকের ভবানীপুরের পশ্চিম দ্বারখোলাতে)। আহত হয়েছেন কিষণ দেশড়া (বাড়ি ডেবরার রাধামোহনপুরে)। তাঁকে খড়গপুর রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে দেখতে হাসপাতালে যান রেলের আধিকারিকরা! দুর্ঘটনাস্থলে যান প্রতিনিধিদল। কিভাবে ওই লাইনে ট্রেন ঢুকে পড়ল, তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। খড়্গপুর শাখার সিনিয়র ডিসিএম তথা জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী এই খবরের সত্যতা স্বীকার করে নিয়ে বলেন, “দুর্ঘটনার খবর পেয়েছি। কী কারণে এমন দুর্ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে। সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরও পড়ুন -   মেদিনীপুর কলেজ-কলেজিয়েট মাঠ থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ, তদন্তে পুলিশ