দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কোচবিহার ও কলকাতা, ১৬ এপ্রিল: শীতলকুচি কান্ডে আজ সন্ধ্যায় একটি অডিও টেপ প্রকাশ্যে এনেছে রাজ্য বিজেপি। ওই অডিও টেপে (সত্যতা যাচাই করেনি, দ্য বেঙ্গল পোস্ট- thebengalpost.in), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি তথা তৃণমূল প্রার্থী পার্থপ্রতীম রায়ের কথোপকথনের ‘রেকর্ড’ আছে। যেখানে মুখ্যমন্ত্রী তাঁকে নির্দেশ দিচ্ছেন, “ভোটটা ঠান্ডা মাথায় করিয়ে নাও পার্থ… পরিবারগুলোকে বোঝাতে হবে, এখনই মৃতদেহ তুলে দেওয়া যাবেনা। কালকে ডেডবডি নিয়ে র্যালি হবে। ভালো করে FIR করতে হবে। SP কেও ফাঁসাতে হবে IC কেও ফাঁসাতে হবে!” এমনই চাঞ্চল্যকর কথোপকথন সামনে এসেছে। যদিও এই অডিও টেপের সত্যতা যাচাই করেনি বেঙ্গল পোস্ট। এ নিয়ে এখনও বিবৃতি পাওয়া যায়নি তৃণমূলের তরফে, তবে বিজেপি কড়া ভাষায় আক্রমণ করে বলেছে, “শীতলকুচিতে দাঙ্গা বাধাতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।”







