দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৭ মে : “আপনাদের একটা ধন্যবাদ জানাব, কোভিড কিছুটা হলেও কমেছে। এই যে আমরা বিধানিষেধ জারি করেছি, মানুষ তো এগুলিতে সহযোগিতা করছেন। মানুষ নিজেকেও নিজে রক্ষা করছেন। এর ফলে কিছুটা হলেও কমেছে। যেহেতু কিছুটা হলেও আমরা আর একটু সময় নিচ্ছি। এটার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব।” নবান্নে’র সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এমনই জানালেন। তিনি এও জানিয়ে দিলেন, এই ধরনের বিধিনিষেধ ১৫ ই জুন পর্যন্ত বাড়ানো হচ্ছে। তবে, এই বিধিনিষেধ’কে তিনি লকডাউন বা কার্ফু বলতে রাজি নন!


Whatsapp Group এ

তিনি জানিয়েছেন, যে বিধিনিষেধ চলছে তা জনজীবন’কে সচল রেখেই করা হচ্ছে। মানুষ এতে সহযোগিতা করছেন। এই সহযোগিতা তিনি ১৫ ই জুন পর্যন্ত চেয়েছেন। শুধুমাত্র, পাটশিল্পে এতদিন ৩০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারতেন। এবার তা বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে, তবে মেনে চলতে হবে করোনা সংক্রান্ত সুরক্ষা-বিধি। একইসঙ্গে করোনাভাইরাস টিকা নিয়ে নির্মাণ শিল্পে কাজ চালানো যাবে। সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবে যাবতীয় করোনা-বিধি পালন করতে হবে বলে জানিয়েছেন মমতা। তিনি বলেন, “অর্থনীতি যাতে ধ্বংস না হয়, তাই অর্থনীতি, জরুরি পরিষেবা – যেগুলি চলছে, সেগুলি চলবে। অনলাইনে যা যা চলার চলছে। কারখানাও চলছে, কিছুটা বিধিনিষেধের সঙ্গে।”









