দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কোচবিহার, ১০ এপ্রিল: ফের সেই শীতলকুচি! এবার কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জন ভোটারের মৃত্যুর অভিযোগ, গুলিবিদ্ধ ৮। চতুর্থ দফার নির্বাচনে সকাল থেকে বিভিন্ন এলাকায় হিংসা ও হামলার খবর এলেও, সবকিছুকে ছাড়িয়ে গেল কোচবিহারের শীতলকুচি এলাকা। সাত সকালেই শীতলকুচির পাগলাপীরের ২৬৫ নম্বর বুথে বিজেপি সমর্থক এক যুবকের মৃত্যু হয়েছে! প্রথমবার ভোটের লাইনে দাঁড়িয়ে ১৮ বছরের আনন্দ বর্মন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই, শীতলকুচির জোড় পাটকিতে ১২৬ নং বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৮ জন ভোটারের গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠে এলো। ৪ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। বাকি ৪ জনকেও আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে।


Whatsapp Group এ
প্রসঙ্গত, আজ সকাল থেকেই শীতলকুচি এলাকায় উত্তেজনা ছিল। দফায় দফায় সংঘর্ষ হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। যা গত কয়েকদিন ধরেই চলছিল। এদিকে, প্রতিটি বুথে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তা সত্ত্বেও বুথের লাইনে উত্তেজনা ও দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হওয়ায়, কেন্দ্রীয় বাহিনী গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীদের মত। সেই গুলিতে তৃণমূল সমর্থক ৮ জন গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ। ইতিমধ্যে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এলাকায় চরম উত্তেজনা রয়েছে। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, “কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে দালালি করছে।” বিজেপির অভিযোগ, “সকাল থেকেই এই এলাকায় হিংসার পরিবেশ সৃষ্টি করেছে তৃণমূল।” এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। ঘটনাস্থলে পুলিশ , কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের শীর্ষস্থানীয় আধিকারিকরা পৌঁছেছেন।










