সুদীপ্তা ঘোষ, কলকাতা, ৫ মে : তৃতীয় বারের জন্য পশ্চিমবঙ্গের দায়িত্ব নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজই (বুধবার) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। সেই সঙ্গে, নতুন ভাবে শাসনকার্য শুরুর আগেই কলকাতা পুরনিগম সহ রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পুরসভা গুলিতে প্রাক্তন প্রশাসকদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে একটি নির্দেশিকা জারি করে রাজ্যের পুর এবং নগরোন্নয়ন সচিব খলিল আহমেদ জানান, কলকাতা পুরনিগমে ফের মেয়রের দায়িত্ব পেতে চলেছেন ফিরহাদ হাকিম। এছাড়াও, অন্যান্য যারা দায়িত্বে ছিলেন, তাদেরকেও পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে। কলকাতা ছাড়াও চন্দননগর, আসানসোল, বিধাননগর পুরনিগমের জন্যও আলাদা আলাদা বিবৃতি জারি করা হয়। কলকাতা পুরনিগমের ১৪১ টি ওয়ার্ডের শুধুমাত্র তৃণমূল নয়; বাম-বিজেপি-কংগ্রেস সহ সমস্ত দলের কো অর্ডিনেটর পদে যারা ছিলেন সবাইকেই ফের পুরনো পদ দেওয়া হচ্ছে।



Whatsapp Group এ
পুরনো পদ ফিরে পেয়ে ফিরহাদ হাকিম বলেন, “মমতাদি বলেছেন কোভিড পরিস্থিতিতে মানুষের জন্য কাজ করতে হবে। তাই ঝাঁপিয়ে পড়েছি। কমিশনের মেরুদন্ড কিনে নিয়েছেন মোদি। এভাবে একদিন সংবিধান ধ্বংস হয়ে যাবে। ওদের দেখিয়ে দেবো কাজ করে।” বৈঠকের পরেই ফিরহাদ হাকিম জানান, পুরসভার সব অ্যাম্বুলেন্সেই এবার থেকে অক্সিজেনের ব্যবস্থা রাখতে হবে। করোনা টেস্টের জন্য দেহ উদ্ধারে দেরি করা যাবেনা। রিপোর্ট পজিটিভ এলে বিধি মেনে সৎকার, নাহলে পরিবারকে দেহ দিয়ে দেওয়া হবে। ডেথ সার্টিফিকেটে না এলেও, দেহ সরিয়ে নেওয়া হবে হাসপাতাল বা বাড়ি থেকে। প্রয়োজনে ধাপা’র শবাগারে দেহ রাখা হবে। কো-র্ডিনেটরদের উদ্দেশ্যে বলেন, আগামীকাল থেকেই মাইকিং করে করোনা সম্পর্কে সবাইকে আরও সচেতন করতে হবে। দুটি হেল্পলাইন নম্বর চালু করা হবে। কোনো রকম গাফিলতি যেনো না হয়। প্রয়োজনে সেফ হোমের সংখ্যা বাড়ানো হবে।










