“দলের মধ্যে দম বন্ধ হয়ে আসছে, কখনো কখনো অন্তরাত্মার ডাক শুনতে হয়”, রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী’র

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, দিল্লি, ১২ ই ফেব্রুয়ারি: এবার তৃণমূল ছাড়ার পথে রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। আজ তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। যদিও তাঁকে নিয়ম মেনে ইস্তফা দেওয়ার কথা বলেছেন, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। তবে, নিয়ম মেনে ইস্তফা দেওয়া ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া যে এখন শুধুই সময়ের অপেক্ষা, তা আর বলার অপেক্ষা রাখে না! সংসদীয় রাজনীতির এই বরিষ্ঠ ব্যক্তিত্ব তথা প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী আজ বলেন, “দলের মধ্যে দম বন্ধ হয়ে আসছে। জেলায় জেলায় এত রাজনৈতিক হিংসা আর মেনে নিতে পারছিনা। দলের মধ্যে থেকে কাজ করতে পারছিনা। এর থেকে বাংলায় গিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। কখনও কখনও অন্তরাত্মার ডাক (মনের কথা) শুনতে হয়। মনে হচ্ছে, এটাই তার উপযুক্ত সময়।” প্রসঙ্গত, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র একটি টুইটে তিনি লাইক করেন ও রি-টুইট করেন। তারপর থেকেই জল্পনা ছড়াচ্ছিল। আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র ভূয়সী প্রশংসা করেন দীনেশ। করোনা-কালে প্রধানমন্ত্রী’র ভূমিকা যে অনবদ্য তা বলেন ২০১১-২০১২ পর্যন্ত রেলমন্ত্রীর দায়িত্ব সামলানো এবং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। ব্যারাকপুরের বর্তমান সাংসদ অর্জুন সিং তাঁকে বিজেপি’তে স্বাগত জানিয়েছেন, “উনি মনের কথা জানিয়েছেন। তৃণমূলে যে দমবন্ধ অবস্থা, তা অনেক আগেই বলেছি। ওনার সিদ্ধান্তকে স্বাগত জানাই।” রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও, বর্ষীয়ান সাংসদ দীনেশ ত্রিবেদী’র সততা ও নিষ্ঠার প্রতি অর্জুন ‌সহ অনেকেই শ্রদ্ধাশীল। ২০১২ সালে তাঁকে রেলমন্ত্রীত্ব থেকে সরিয়ে মুকুল রায়’কে রেলমন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

thebengalpost.in
দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi) :

এদিকে, নির্বাচনের আগে এভাবে দলত্যাগ করাকে মেনে নিতে পারছেনা তৃণমূল নেতৃত্ব। দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, “ওনার সিদ্ধান্তে আমরা দুঃখিত। উনি অসুবিধার কথা দলকে জানাতে পারতেন। এভাবে নির্বাচনের আগে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ঠিক করলেন না। দলে এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।” দীনেশ ত্রিবেদী’কে বিজেপিতে স্বাগত জানিয়েছেন, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উল্লেখ্য যে, এই মুহূর্তে তৃণমূলের একাধিক সাংসদের বিজেপি’তে যোগদান করা শুধুই সময়ের অপেক্ষা। লোকসভার সাংসদ সুনীল মন্ডলের পর শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারীও খুব তাড়াতাড়ি হয়তো বিজেপি’তে যোগদান করতে চলেছেন। অন্যদিকে, রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদীও সেই পথে পা বাড়িয়ে, বিজেপির হয়ে হয়তো বিধানসভায় লড়াই করতে চলেছেন! এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

[ আরও পড়ুন -   "তৃণমূলের দালালে ভরে গেছে কংগ্রেস", দায়িত্ব নিয়েই বিস্ফোরক মন্তব্য জেলা কংগ্রেসের নতুন সভাপতি সমীর রায়ের, প্রদেশ এক্সিকিউটিভ কমিটিতে সৌমেন খান ]