আগামী সপ্তাহ থেকেই শালবনী করোনা হাসপাতাল ফের সুপার স্পেশালিটি রূপে পথচলা শুরু করছে, জেলা করোনা শূন্য হওয়ার পথে

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলা প্রায় করোনা শূন্য হওয়ার পথে। গত তিনদিনে জেলায় করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১ জন। জেলায় এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা একশোর থেকেও কম। মাত্র ১ জন হাসপাতালে (খড়্গপুর মহকুমা হাসপাতালে) চিকিৎসাধীন আছেন, বাকিরা সকলেই গৃহ নিভৃতবাসে আছেন। জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “জেলা প্রায় করোনা শূন্য হওয়ার পথে। করোনা ভ্যাকসিনেশনও সফলভাবে চলছে।” এদিকে, শালবনী করোনা হাসপাতাল গত প্রায় এক মাস ধরে রোগী শূণ্য আছে বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। এই পরিস্থিতিতে, গত বুধবার (১০ ফেব্রুয়ারি) পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই হাসপাতালে সাধারণ পরিষেবা অর্থাৎ পূর্বের মতো সুপার স্পেশালিটি পরিষেবা প্রদান করা হবে। তবে, এখন আর জিন্দল বা কোনো বেসরকারি সংস্থার মাধ্যমে নয়, রাজ্য ও জেলা স্বাস্থ্য দপ্তরের অধীনেই এই পরিষেবা দেওয়া হবে। করোনা-কালে পরিষেবা প্রদানকারী বেশিরভাগ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাই থাকছেন। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল হাসপাতালে গিয়ে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখে এসেছেন এবং শালবনী গ্রামীণ হাসপাতাল থেকে বহির্বিভাগ (Outdoor) সহ সাধারণ চিকিৎসা পরিষেবা (General Word গুলি) সুপার স্পেশালিটি’তে স্থানান্তরিত করার অনুমতি দিয়েছেন। এর ফলে, শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল আর করোনা হাসপাতাল হিসেবে নয়, বিশেষ সুবিধাযুক্ত (সুপার স্পেশালিটি) সাধারণ হাসপাতাল হিসেবে নতুন করে পথচলা শুরু করতে চলেছে। জেলা ও জঙ্গলমহলবাসীর জন্য এই খবর নিঃসন্দেহে আশাপ্রদ!

thebengalpost.in
করোনা রোগী শূণ্য শালবনী হাসপাতাল :

করোনা-কালে, গত জুন (২০২০) মাস থেকে শালবনী সুপার স্পেশালিটি করোনা হাসপাতাল হিসেবে পরিষেবা দান করে এসেছে। সেই সময় থেকেই হাসপাতাল জিন্দলদের হাত থেকে পুনরায় রাজ্য সরকার অধিগ্রহণ করেছে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন তথা জেলা স্বাস্থ্য দপ্তরই এখন হাসপাতাল পরিচালনার দায়িত্বে আছে। অপরদিকে, শালবনী গ্রামীণ হাসপাতালে এতদিন সাধারণ চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। শালবনীর ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নবকুমার দাস জানিয়েছেন, “জেলা স্বাস্থ্য দপ্তরের অনুমতিক্রমে, আগামী সপ্তাহের শুরু থেকেই সুপার স্পেশালিটি হাসপাতালে সকল চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।” জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা শালবনী সুপার স্পেশালিটি’র সুপার ডাঃ নন্দন ব্যানার্জি জানিয়েছেন, “গত এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে একজনও করোনা রোগী ভর্তি হননি। তা সত্ত্বেও, করোনা রোগীদের জন্য আমরা পৃথক একটি ওয়ার্ড খালি রাখছি। অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে এবার থেকে সমস্ত উন্নত পরিষেবা দেওয়া হবে।”

thebengalpost.in
গ্রামীণ হাসপাতাল থেকে সাধারণ পরিষেবা সুপার স্পেশালিটি’তে স্থানান্তরিত হচ্ছে আগামী সপ্তাহ থেকে :

[ আরও পড়ুন -   জঙ্গলমহল উদ্যোগের পরিচালনায় অনুষ্ঠিত হল মহতী রক্তদান শিবির ]